জাতীয় দলে এক যুগের বেশি লম্বা ক্যারিয়ার। অপ্রত্যাশিত বিতর্কে সেটা থেমেছে মাঝপথে। তবে বিতর্কের বেড়াজাল পেরিয়ে বর্তমানে বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবে কাজ করছেন মোহাম্মদ আশরাফুল। কোচ হিসেবে শান্ত-মুশফিকদের সঙ্গে ঘরের মাটিতে কাজ করলেও এবার বিদেশ সফরে যাচ্ছেন সাবেক এই ক্রিকেটার। যাত্রাপথে তুলে ধরেছেন পুরোনো স্মৃতি।
২০০১ সালে ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন আশরাফুল। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে ওয়ানডে সিরিজে অভিষেক হয় তার। নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটাও জিম্বাবুয়েতে খেলেছেন টাইগারদের বর্তমান ব্যাটিং কোচ। এবার সেই জিম্বাবুয়ে সিরিজ দিয়ে শুরু করছেন কোচ হিসেবে প্রথম বিদেশ সফর।
দলের সঙ্গে ঢাকা ত্যাগ করার আগে আশরাফুল বলেন, ‘১৩ বছর পর আবার বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে যাচ্ছি। গত ৭ মাস ধরে দেশের মাটিতে দলের সঙ্গে কাজ করেছি। সব হোম সিরিজ শেষে এবার প্রথমবারের মতো কোচ হিসেবে বিদেশ সফরে যাচ্ছি। যেখান থেকে অনেক স্মৃতি তৈরি হয়েছে, সেখানেই আবার নতুন এক দায়িত্ব নিয়ে ফেরা।’
স্মৃতির ব্যাখ্যায় আশরাফুল আরও বলেন, ‘সর্বশেষ ২০১৩ সালে জিম্বাবুয়েতেই জাতীয় দলের হয়ে খেলোয়াড় হিসেবে আমার শেষ আন্তর্জাতিক সিরিজ খেলেছিলাম। আমার আন্তর্জাতিক ক্রিকেট যাত্রার শুরুটাও হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে জিম্বাবুয়ের মাটিতে। আজ এত বছর পর আবার সেই জিম্বাবুয়েতে ফিরছি। তবে এবার বাংলাদেশ দলের ব্যাটিং কোচ হিসেবে।’
চার বছর পর জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এক টেস্টের সঙ্গে থাকছে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ। আগামী ২৮ জুন টেস্ট ম্যাচ দিয়ে এই সফরের লড়াই শুরু হবে। তবে এই সফরের টি-টোয়েন্টি সিরিজটি খেলা হবে বুলাওয়ের মাটিতে, যেখান থেকে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছিলেন মোহাম্মদ আশরাফুল।
আইএইচ
