World Cup Football Field

বিজ্ঞাপন

ভিনিসিয়ুসের জোড়া গোলে প্রথমার্ধে দ্বিগুণ লিড ব্রাজিলের

ভিনিসিয়ুসের জোড়া গোলে প্রথমার্ধে দ্বিগুণ লিড ব্রাজিলের

ম্যাচের মাত্র সাত মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের সেন্টার-ব্যাক স্কট ম্যাককেনার দুর্বলতায় ‍সুযোগটা বলতে গেলে উপহার হিসেবেই তিনি পেয়েছিলেন। এরপর স্কটিশ গোলরক্ষককে কাটিয়ে ঠাণ্ডা মাথায় তিনি বল জালে জড়ান। বিরতির আগমুহূর্তে প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস।

বিশ্বকাপের নকআউট রাউন্ড নিশ্চিতের লক্ষ্যে মায়ামির হার্ডরক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ‘সি’ গ্রুপের দল দুটি। যেখানে পজেশনে এগিয়ে থাকলেও স্কটিশরা গোলের জন্য নেওয়া কোনো শটই লক্ষ্যে রাখতে পারেনি। বিপরীতে ১১টি শটের মধ্যে ৩টি লক্ষ্যে রাখতে পেরেছে সেলেসাওরা। প্রথমার্ধ শেষে তারা ২-০ ব্যবধানে এগিয়ে।

Image

রাফিনিয়ার ইনজুরিতে শুরুর একাদশে সুযোগ পাওয়া রায়ানের সামনে স্কটিশ ডিফেন্ডার ম্যাককেনার মুভ ছিল নড়বড়ে। ফলে তাকে প্রেসিং করতেই বল হারিয়ে সেটি ডি-বক্সে থাকা ভিনিসিয়ুসের সামনে গিয়ে পড়ে। ব্রাজিল তারকা ঠাণ্ডা মাথায় গোলরক্ষক অ্যাঙ্গাস গুনকে কাটিয়ে চলতি বিশ্বকাপে নিজের তৃতীয় গোলটি করেন।

২২ মিনিটে লিড দ্বিগুণ করেছিলেন ভিনিসিয়ুস। তবে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে বল জালে পাঠানোর আগে স্কটিশ ডিফেন্ডারকে পেছন থেকে ট্যাকল করেছিলেন তিনি। যা ভিএআরে যাছাইয়ের পর রেফারি গোল বাতিলের সিদ্ধান্ত জানান। এরপর দু’পক্ষই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছিল। তবে স্কটিশদের কোনো আক্রমণই কার্যকর ছিল না।

প্রথমার্ধে ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়। তৃতীয় মিনিটে ব্রুনো গুইমারেসের ক্রস থেকে হেডে দ্বিতীয় গোল ভিনিসিয়ুসের। এরপর কর্নার ফ্ল্যাগ ধরে নিজের চিরচেনা নাচে উদযাপনে মাতলেন চলতি বিশ্বকাপে চতুর্থ গোল পাওয়া এই তারকা। এ ছাড়া ম্যাথিউস কুনহা ও রায়ান সুযোগ মিস না করলে ব্রাজিলের লিড ব্যবধান আরও বাড়তে পারত।

এএইচএস