শেষ হতে চলেছে গ্রুপ পর্বের খেলা। কেউ কেউ ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। আবার কেউ কেউ তাকিয়ে আছে গ্রুপ পর্বের শেষ ম্যাচের দিকে। কে হবে গ্রুপ সেরা, কিংবা রানারআপ- এসবের দিকেও চোখ থাকছে অনেকের। কেউ কেউ আবার গ্রুপের সেরা তৃতীয় দল হিসেবে পরের রাউন্ড খেলার ছক কষছে।
এমন সব সম্ভাবনা ও পরিসংখ্যা নিয়ে আজ মাঠে নামবে ‘এফ’ গ্রুপের চারটি দল। এই একদিনেই উলট-পালট হতে পারে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান। এই গ্রুপের আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। নেদারল্যান্ডস মুখোমুখি হবে তিউনিসিয়ার। আর পরস্পরের বিপক্ষে মাঠে নামবে জাপান ও সুইডেন।
বর্তমানে 'এফ' গ্রুপের টেবিলে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। সমান ৪ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে জাপান। অন্যদিকে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে নকআউটের জোর দাবিদার সুইডেন। টানা দুই হারে কোনো পয়েন্ট না পেয়ে ইতোমধ্যেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে তিউনিসিয়ার।
কী হলে কী হবে?
নেদারল্যান্ডস: তিউনিসিয়ার বিপক্ষে আজ ডাচরা জয় বা ড্র করলেই সরাসরি চলে যাবে শেষ ৩২-এ। এমনকি তারা যদি হেরেও যায়, আর অন্য ম্যাচে জাপান যদি সুইডেনকে হারিয়ে দেয়, তাহলেও নেদারল্যান্ডস পরের রাউন্ডে নকআউট নিশ্চিত করবে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে তাদের শুধু জিতলেই হবে না, নজর রাখতে হবে জাপান-সুইডেন ম্যাচের গোল ব্যবধানের দিকেও।
জাপান: ব্লু সামুরাইদের সমীকরণও ডাচদের মতোই। সুইডেনের বিপক্ষে জয় বা ড্র করলেই তারা পরের রাউন্ডের টিকিট পাবে। সুইডেনকে হারাতে পারলে এবং নেদারল্যান্ডস পয়েন্ট হারালে জাপান গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে যাবে।
সুইডেন: সুইডেনের সামনে সমীকরণটি বেশ পরিষ্কার- বাঁচা-মরার লড়াই। জাপানের বিপক্ষে আজ জয় পেলেই তারা সরাসরি শেষ ৩২-এ পৌঁছে যাবে। তবে ম্যাচটি ড্র হলে তাদের তাকিয়ে থাকতে হবে অন্যান্য গ্রুপের সেরা তৃতীয় দলের ফলাফলের ওপর।
তিউনিসিয়া: আফ্রিকার এই দেশটির জন্য আজকের ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার এবং গ্রুপ পর্বে নিজেদের হারিয়ে খোঁজার সম্মানরক্ষার লড়াই।
এমএমএম/

