শুরুতেই বেশ কিছু ক্যাচ মিস করেছে ভারত। একাধিক জীবন পেয়ে সেটা কাজে লাগিয়েছেন জুয়াইরিয়া ফেরদৌস। তার ব্যাটে ভালো শুরুর পর শক্ত ভিতে দাঁড়িয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন নিগার সুলতানা জ্যোতি। তাতে ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে বাংলাদেশ।
ম্যানচেস্টারে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রান করেছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন জুয়াইরিয়া।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই রেনুকা সিংয়ের শর্ট বলে পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্যাচ দেন দিলারা আক্তার। ৮ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন এই ওপেনার। পাওয়ার প্লেতে আরও কয়েকবার বিপদে পড়েছিল বাংলাদেশ। চারবার ক্যাচের সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগাতে পারেনি ভারতীয় ফিল্ডাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে জুয়াইরিয়া ও সোবহানা ধীরে ধীরে ইনিংস গড়তে থাকেন। তাদের ব্যাটে পাওয়ার প্লে শেষে ১ উইকেটে ৪০ রান তোলে বাংলাদেশ।
দ্বিতীয় উইকেটে দুজন মিলে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। তবে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে নেওয়ার সময় জুটিটি ভাঙেন নন্দিনী শর্মা। তার বলে সোজা ব্যাটে খেলতে গিয়ে বোলারের হাতেই ক্যাচ দেন জুয়াইরিয়া। ৩১ বলে ৫ চারসহ ৩৩ রান করে ফেরেন তিনি। এরপর রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করেন সোবহানা মোস্তারি। কিন্তু রাধা যাদবের বলে উইকেট ছেড়ে বেরিয়ে বড় শট খেলতে গিয়ে মিড অফে ধরা পড়েন তিনি। ২৬ বলে ২২ রান আসে তার ব্যাট থেকে।
মাঝের ওভারে দায়িত্ব তুলে নেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শুরুটা ভালো করলেও ইনিংস বড় করতে পারেননি। দ্রুত রান তোলার চেষ্টায় বড় শট খেলতে গিয়ে আউট হওয়ার আগে ২৭ বলে ৩২ রান করেন তিনি। শেষ দিকে শারমিন আক্তার সুপ্তা ১২ বলে ১০, রিতু মনি ৪ বলে ৮ এবং স্বর্ণা আক্তার ১০ বলে ১৩ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন।
এইচজেএস
