World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপের মাঝেই নদীতে ডুবে ফরাসি ফুটবলারের মৃত্যু

বিশ্বকাপের মাঝেই নদীতে ডুবে ফরাসি ফুটবলারের মৃত্যু

ফ্রান্সে চলছে তীব্র তাপপ্রবাহ। চলমান এই দাবদাহের সময় খানিকটা শীতলতা পাওয়ার আশায় নদীতে গোসলের জন্য নেমেছিলেন উদীয়মান ফরাসি ফুটবলার কেঞ্জো কিস। কিন্তু নদী থেকে আর বেঁচে ফিরতে পারলেন না ২১ বছর বয়সী এই ফুটবল তারকা। তিনি ফ্রান্সের দ্বিতীয় স্তরের লিগ ‘লিগ টু’র একটি ক্লাবের হয়ে খেলতেন।

ফরাসি গণমাধ্যমের বরাতে জানা গেছে, গত সোমবার লিওঁ শহরের কাছে রোন নদীর একটি সাঁতার নিষিদ্ধ এলাকায় লাইফগার্ডরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার রাতে তার বর্তমান ক্লাব গঁগঁ এবং শৈশবের ক্লাব সেন্ট-এতিয়েন যৌথ বিবৃতিতে এই তরুণ ফুটবলারের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছে।

ফ্রান্সের বর্তমান তাপমাত্রা সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তীব্র এই গরম থেকে একটু স্বস্তি পেতে নদী বা অন্যান্য জলাশয়ে নামছেন সাধারণ মানুষ। কিন্তু কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা অমান্য করে এবং লাইফগার্ডবিহীন অনিরাপদ জায়গায় সাঁতার কাটতে গিয়ে গত এক সপ্তাহে দেশটিতে অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন।

এমএমএম/