World Cup Football Field

বিজ্ঞাপন

ইকুয়েডরের কাছে হারে বিস্মিত নন জার্মানরা

ইকুয়েডরের কাছে হারে বিস্মিত নন জার্মানরা

চার বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি কখনো ইকুয়েডরের কাছে হারেনি। সেই দলটি আজ বিশ্বকাপে গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আমেরিকার দেশটির কাছে পরাজিত হলো। এমন হারে সারা বিশ্বব্যাপী আলোচনা সমালোচনা চললেও জার্মানির অনেক সাংবাদিক এটা স্বাভাবিক হিসেবে দেখছেন। 

ফ্রাঙ্কফুর্টের একটি মিডিয়ার হয়ে কাজ করা জার্মান সাংবাদিক ড্যানিয়েল ফিলিপ বলেন, ‘এটা তেমন বিস্ময়ের কিছু নেই। ইকুয়েডর ভালো খেলেছে আর জার্মানির এই দলে ন্যয়ার ছাড়া বিশ্বমানের কেউ নেই। সে-ও তার সেরা সময় পেছনে ফেলেছে।’ এই জার্মানি সপ্তাহ খানেক আগে কুরাসাওকে ৭ গোলে হারিয়েছে। সেই দল কয়েক দিনের ব্যবধানে ইকুয়েডরের কাছে হারল, এখানেই সমস্যা দেখছেন এই সাংবাদিক, ‘৭ গোলের জয়ে যেমন খুব খুশি হওয়ার নেই, আবার এই হারেও সব শেষ হয়ে যায়নি। দলের স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স দরকার।’

জার্মানির মতো দলে এবার হেড কোচ জুলিয়ান নাগেলসমান। কোচের অনভিজ্ঞতা নিয়ে জার্মান সাংবাদিক বলেন, ‘বিশ্বকাপে কোচিংয়ের অভিজ্ঞতা নেই তার। বলতে পারেন স্কলানিরও ছিল না, কিন্তু তার দলে মেসি, ডি মারিয়া ছিল। বিশ্বকাপের মতো আসরে কোচের অভিজ্ঞতা একটা ফ্যাক্টর।’

ইকুয়েডরের বিপক্ষে হারের পর জার্মান কোচ নাগেলসমান স্বাভাবিকভাবেই বিষন্ন। ২ মিনিটের মধ্যে গোলের লিড নিয়ে শেষ পর্যন্ত হার দুঃখজনক। এ হার তিনি বিশ্লেষণ করলেন এভাবে, ‘আমাদের শুরুটা দারুণ হয়েছিল। এরপর আমরা ট্যাকটিক্যালি পজিশন হারিয়েছি। ইকুয়েডর দারুণ খেলেছে আমাদের বিপরীতে।’

জার্মানির গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত হয়েছিল আগের ম্যাচেই। তাই এই ম্যাচে হারলেও কোনো সমস্যা নেই। এজন্য ইকুয়েডরের ম্যাচ কি হালকাভাবে নেওয়া হয়েছে? জার্মান কোচের উত্তর, ‘হারা কখনো ভালো কিছু নয়। আমরা ম্যাচটি গুরুত্ব সহকারে নিয়েছিলাম।’

জার্মানির রাউন্ড অফ ৩২ এর ম্যাচ সোমবার। এখন সেদিকে মনোযোগ জার্মান কোচের, ‘আমরা কাল থেকে অনুশীলনে ফিরব। শনিবার অনুশীলন করে বোস্টন যাব। এর মধ্যে আমাদের প্রতিপক্ষ কে জেনে যাব।’

এজেড/এফএইচএম