সুইডেনের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্রয়ের ম্যাচে এক বিশ্বকাপে জাপানের রেকর্ড সপ্তম গোল করেন ডাইজেন মায়েদা। গ্রুপের রানার্সআপ হওয়ায় তারা শেষ ৩২ এ পাবে ফুটবল বিশ্বের পরাশক্তি ব্রাজিলকে, যারা দুরন্ত ফর্ম ফিরে পেয়েছে। আগামী সোমবার হিউস্টনে মুখোমুখি হবে দুই দল।
সুইডেনের সঙ্গে ড্রয়ের পর ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে ২৮ বছর বয়সী ফরোয়ার্ড জানান, ব্রাজিলের ম্যাচ কঠিন হলেও জাপানের সম্ভাব্য জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
মায়েদা বলেছেন, ‘বেশ, আমার বিশ্বাস খেলাটি খুবই গতিশীল হবে, তবে আমরা যদি দৃঢ়তার সঙ্গে আমাদের নিজেদের স্বভাবজাত খেলাটা খেলতে পারি, তাহলে যেকোনো প্রতিপক্ষকেই আমরা হারাতে পারব বলে আমি মনে করি। আমরা এখনো ভালো প্রস্তুতি নিচ্ছি। আমরা এ পর্যন্ত যা কিছু তৈরি করেছি এবং দলগতভাবে যে বন্ধন গড়ে তুলেছি, তা যদি দৃঢ়ভাবে মাঠে দেখাতে পারি, তবে আমার মনে হয় প্রথম পদক্ষেপ হবে সেটাকে শক্তভাবে তুলে ধরা।’
মায়েদার পর অভিজ্ঞ ইউতো নাগাতোমোও ব্রাজিলিয়ানদের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেন। এফসি টোকিও খেলোয়াড় নেইমারকে নিয়ে ভাবছেন, যিনি জাপানি দলকে নিজের বড় শিকার বানিয়েছেন, ব্লু সামুরাইদের বিপক্ষে ব্রাজিলিয়ান তারকার গোল ৯টি। তিনি বলেন, ‘নেইমার ইতোমধ্যেই একজন বিশ্বমানের খেলোয়াড়, তাই আমি নেইমারের ব্যাপারেও বেশ সতর্ক থাকতে চাই। আর সত্যি বলতে, ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি এখন (আমাদের জন্য) সম্পূর্ণ নতুন একটি টুর্নামেন্ট। এই ব্রাজিলের বিপক্ষে মাঠে নিজেদের শতভাগ উজার করে দেওয়া একেবারেই আবশ্যক।’
জাপান ও ব্রাজিলের মাঠে দেখা হয়েছে ১৪ বার। ব্রাজিল ১১টি জয়ে এই দ্বৈরথে এগিয়ে, ড্র করেছে দুটি এবং একটি জয় জাপানের। আনচেলত্তির খেলোয়াড়দের জন্য এই পরিসংখ্যান স্বস্তির হলেও ২০২৫ সালে ব্লু সামুরাইদের কাছে হার ব্রাজিলিয়ান ভক্তদের দুশ্চিন্তায় ফেলতে পারে।
এফএইচএম

