গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিল স্কটল্যান্ডকে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে। তারা বিশ্বকাপের নকআউটে খেলবে জাপানের বিপক্ষে। ব্লু সামুরাই শেষ গ্রুপ ম্যাচে সুইডেনের সঙ্গে ড্র করেছে এবং ‘এফ’ গ্রুপের দ্বিতীয় স্থানে থেকে নকআউট পর্বে।
ম্যাচটি হবে আগামী সোমবার। ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। ২০০৬ সালে ব্রাজিলের জয়ের পর আবারও বিশ্বকাপে একে অপরকে লড়বে তারা। ওইবার ব্রাজিল ৪-১ গোলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিতেছিল। জুনিনহো, গিলবার্তো ও রোনালদো নাজারিও করেন গোল।
ওই ম্যাচ জিতে ব্রাজিলিয়ানরা শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ পর্ব শেষ করে। তার আগে অস্ট্রেলিয়া ও ক্রোয়েশিয়াকে হারায় তারা। জাপানিরা শেষ স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করে গ্রুপ পর্বেই।
চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিল মরক্কোর সঙ্গে ১-১ গোলের ড্র করে। তারপর হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে সমান ৩-০ স্কোরে জেতে। জাপান নেদারল্যান্ডসের সঙ্গে ২-২ গোলে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল। তারপর তিউনিসিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সুইডেনের সঙ্গে ড্র করল।
ব্রাজিলের সাত গোলের চারটিই করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসির (৫) চেয়ে এক গোল পেছনে তিনি। অন্যদিকে জাপানের হয়ে দুটি করে গোলে শীর্ষে উয়েদা ও কামাদা।
এফএইচএম

