বিজ্ঞাপন

জিম্বাবুয়ের উইকেট ও টেস্টের হৃদয়কে নিয়ে যা বললেন শান্ত

জিম্বাবুয়ের উইকেট ও টেস্টের হৃদয়কে নিয়ে যা বললেন শান্ত

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে আজ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এবার যদিও ভিন্ন কন্ডিশনে ভিন্ন চ্যালেঞ্জ টাইগারদের সামনে। তবে দলের প্রতি পুরো আস্থা রাখছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচের আগের দিন গতকাল সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন দলের নানা দিক নিয়ে।

দলের পারফরম্যান্স নিয়ে শান্ত বলেছেন, ‘হ্যাঁ, গত কয়েক সিরিজে আমরা অনেক ভালো ক্রিকেট খেলছি। এখানে ভিন্ন কন্ডিশনে এসে আমাদের নিশ্চিত করতে হবে আমরা ভালোভাবে নিজেদের প্রস্তুত করছি, যা আগে করে এসেছি। আশা করি এখানেও আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।’

পরে কন্ডিশন নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘কন্ডিশন নিয়ে আমাদের ভালো ধারণা আছে। কিছু প্লেয়ার এখানে আগে চলে এসেছে। তাদের সেই অভিজ্ঞতা রয়েছে। নতুনদের সঙ্গে সেই অভিজ্ঞতা বিনিময়ও হয়েছে। ফলে ভালো কম্বিনেশন আছে এখানে, ভালো আলাপও হচ্ছে। সবাই কন্ডিশন সম্পর্কে জানে। আশা করছি সবাই এই কন্ডিশন ভালোভাবে কাজে লাগাবে বিশেষ করে বোলাররা। আমাদের দলের ব্যাটিং বোলিং দুই কম্বিনেশন নিয়েই আমি বেশ আত্মবিশ্বাসী।’

লাল বলে তাওহীদ হৃদয়কে নিয়ে শান্ত বলেন, ‘তাওহীদ হৃদয়ের ব্যাপারে বলতে গেলে, সাদা বলের ক্রিকেটে সে বাংলাদেশ দলের হয়ে বেশ ভালো করছে। সে দারুণ এক্সাইটিং ক্রিকেটার। প্রথম শ্রেণির রেকর্ডও বেশ ভালো। আশা করছি সে এই ফরম্যাটে দেশের হয়ে ভালো একজন ক্রিকেটার হতে পারবে সামনে। তার যে অভিজ্ঞতা আছে সাদা বলে, সে এভাবেই চালিয়ে যাবে লাল বলেও। আশা করছি সে এখানে ভালোভাবে মানিয়ে নিতে পারবে।’

জিম্বাবুয়ের উইকেট নিয়ে শান্তর ভাষ্য, ‘ব্যাটিংয়ে নতুন বল চ্যালেঞ্জিং হবে। কিছুটা এক্সট্রা বাউন্স থাকবে হয়ত। আমাদের সেই ব্যাটিং সামর্থ্য আছে। আমাদের কোয়ালিটি ফাস্ট বোলিংও আছে। এই পিচে ব্যাটিং ভালোই হবে। বোলাররা ভালো জায়গায় বল করলে আশা করি ব্যাটারদের চাপ দিতে পারবে। এখানে স্পোর্টিং উইকেট হবে বলে মনে করছি। বোলিং এবং ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করতে হবে। এখানে আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। কেবল প্ল্যান কাজে লাগাতে হবে ভালোভাবে। এখন আমাদের কন্ডিশনের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন ভালোভাবে বল করি।’

এসএইচ/এমএমএম