বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলায় এই ম্যাচে নিয়মিত একাদশের প্রায় সবাইকে বিশ্রাম দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টিনার জনপ্রিয় ক্রীড়া মাধ্যম টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে নিশ্চিত করেছে, ডালাস স্টেডিয়ামের এই ম্যাচে অধিনায়ক লিওনেল মেসি থাকছেন বেঞ্চে এবং দল মাঠে নামছে মূলত একঝাঁক রিজার্ভ খেলোয়াড় নিয়ে।
অস্ট্রিয়াকে ২-০ গোলে হারানোর পর আলজেরিয়া জর্ডানকে হারিয়ে দিলে গ্রুপ ‘জে’তে শীর্ষস্থান নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার। তাই স্কালোনি প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়া ফুটবলারদের ম্যাচ সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, গত ম্যাচের মূল একাদশ থেকে মাত্র ২ জন খেলোয়াড়কে এই ম্যাচে ধরে রেখেছেন স্কালোনি। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ ছাড়া একাদশের বাকি ৯টি পজিশনেই এসেছে পরিবর্তন।
রক্ষণভাগে সবচেয়ে বড় সারপ্রাইজ হিসেবে ডান-ব্যাকে জায়গা পেয়েছেন হুলিয়ানো সিমিওনে। সেন্ট্রাল ডিফেন্সে অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দির সঙ্গী হচ্ছেন মার্কোস সেনেসি এবং বাঁ-প্রান্তে থাকছেন নিকোলাস তাগলিয়াফিকো। মাঝমাঠে হলুদ কার্ডের ঝুঁকিতে থাকা সত্ত্বেও খেলা শুরু করবেন লেয়ান্দ্রো পারেদেস, তার সাথে থাকবেন এজেকুয়েল পালাসিওস এবং বাঁ-প্রান্তে বিশ্বকাপ অভিষেক হতে যাচ্ছে জিওভানি লো সেলসোর। আক্রমণভাগের ঠিক পেছনে লিংক-ম্যান হিসেবে খেলবেন তরুণ নিকো পাস।
আক্রমণভাগে স্কালোনির প্রথম পছন্দ না হলেও এই ম্যাচে একসঙ্গে জুটি বাঁধবেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ।
আর্জেন্টিনার শুরুর সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক); হুলিয়ানো সিমিওনে, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো; লেয়ান্দ্রো পারেদেস, এজেকুয়েল পালাসিওস, জিওভানি লো সেলসো; নিকো পাস; হুলিয়ান আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ।

