World Cup Football Field

বিজ্ঞাপন

লো সেলসোর ফ্রি-কিকের পর লাউতারোর পেনাল্টি, দ্বিগুণ লিড আর্জেন্টিনার

লো সেলসোর ফ্রি-কিকের পর লাউতারোর পেনাল্টি, দ্বিগুণ লিড আর্জেন্টিনার

কেবল লিওনেল মেসিই নয়, আগের ম্যাচের শুরুর একাদশে থাকা কেবল দুজনকে নিয়ে একাদশ সাজিয়েছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনা ১৯ মিনিটেই লিড নিয়েছে। বক্সের সামনে থেকে দারুণ ওই ফ্রি-কিক নেন জিওভান্নি লো সেলসো।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে হাইড্রেশন ব্রেকে গিয়েছিল ‘জে’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠা আর্জেন্টিনা। ফেরার কিছুক্ষণ পরই তাদের দ্বিগুণ লিড এনে দিলেন লাউতারো মার্টিনেজ। গোলবারের সামনে এহসান হাদ্দাদ আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজকে ফাউল করলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। ৩১ মিনিটে স্পটকিকে দলের দ্বিতীয় গোলটি করেন লাউতারো। 

Image

প্রথমে নিকোলাস তালিয়াফিকোর লো ক্রস থেকে লাউতারো শট নিলে ঠেকিয়ে দেন জর্ডান গোলরক্ষক। এরপর ফিরতি বলে হেড দেন হুলিয়ান আলভারেজ। কিন্তু বল ক্লিয়ারের চেষ্টায় তাকে বুট দিয়ে আঘাত করেন হাদ্দাদ। অথচ আলভারেজের দারুণ হেডটিও হাত ছুঁয়ে বারের উপর দিয়ে পাঠিয়ে দেন জর্ডান গোলরক্ষক ইয়াজিদ আবু লায়লা। কিন্তু তার অনবদ্য দুই সেভই ভেস্তে গেল সতীর্থের ফাউলে।

এর আগে বল নিয়ে জর্ডানের বক্সে ঢোকার মুখে লো সেলসোকে কড়া চ্যালেঞ্জে ফেলেন আবু তাহা। রেফারি ফ্রি-কিক দিলে আর্জেন্টিনার এই অ্যাটাকিং মিডফিল্ডার বাঁ পায়ে নিখুঁত শট নিয়েছেন। সামনে জর্ডানের মানব দেয়ালের পাশের ফাঁকা জায়গায় গোলবার ঘেঁষে নেওয়া শটটি যেন ঠেকানোরও চেষ্টা করলেন না জর্ডান গোলরক্ষক। বিশ্বকাপে নিজের গোল পেলেন লো সেলসো। 

এএইচএস