World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপে অংশ নিতে না পারা বাংলাদেশের রোগ ধরে প্রেসক্রিপশন দিলেন জামাল

বিশ্বকাপে অংশ নিতে না পারা বাংলাদেশের রোগ ধরে প্রেসক্রিপশন দিলেন জামাল

ট্রাম্পের দেশে চলছে ফুটবলের মেগা উৎসব। এর মধ্যেও বাংলাদেশি কিছু প্রবাসী নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ভিড় জমাচ্ছিলেন অন্য কারণে। উদ্দেশ্য একটাই, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ। প্রবাসীরা অধিনায়ককে কাছ থেকে পেয়ে কেউ সেলফি তুললেন, কেউবা আবার অটোগ্রাফ নিলেন। এরপর অনেকে বিশ্বকাপ ও বাংলাদেশের ফুটবল নিয়ে নানা প্রসঙ্গে জানতে চাইলেন। 

এবারের বিশ্বকাপ নানা কারণেই আলোচনায়। কেপ ভার্দে, কুরাসাওয়ের মতো বিশ্ব মানচিত্রের ক্ষুদ্র দেশ দুটি ইতিহাস গড়ে বিশ্বকাপে খেলছে। বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ না থাকলেও এ দেশের ফুটবল ভক্তদের উন্মাদনার কমতি নেই। বিশ্বের অনেক দেশকে সমর্থন জানালেও দিনশেষে আক্ষেপ থাকে বাংলাদেশকে নিয়েই। 

বাংলাদেশ কবে নাগাদ বিশ্বকাপ খেলতে পারবে এমন প্রশ্ন করা হয়েছিল জামালকেও। বাংলাদেশ অধিনায়কও যেন বেশ প্রস্তুতি নিয়েই এসেছিলেন। কথার ঝাঁপি খুলে বসলেন যেন। তিনি বলেন, ‘আমাদের ফ্যাসালিটি বাড়াতে হবে। অনেক জেলায় স্টেডিয়াম আছে কিন্তু ভালো মাঠ নেই। ঢাকার বাইরে দু’একটি জেলার বাইরে কোনো ফ্লাডলাইট নেই। শুধু জেলা পর্যায়ের স্টেডিয়াম নয়, ক্লাব পর্যায়ের ব্যবস্থা উন্নতি করতে হবে। ফ্যাসালিটিজ বাড়লে ধাপে ধাপে আমরা এগোতে পারব। প্রপার গাইডেন্সসহ অনেক কিছুতেই বাংলাদেশের অভাব রয়েছে। আমি ছোটবেলায় (ডেনমার্ক) একটা ফুটবল কালচারে বড় হয়েছি। বাংলাদেশে এটা ডেভেলপ করতে হবে।’ 

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক এখন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি দায়িত্ব নেওয়ার পর ফুটবলাররা মাসিক ভাতার আওতায় এসেছে। আরো সুযোগ-সুবিধা বাড়ানোর চিন্তাভাবনা করছেন। তাই খানিকটা আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক, ‘বর্তমান মন্ত্রী নিজেই ফুটবলার, তিনি ফুটবলের বিষয়গুলো ভালো বোঝেন। আশা করি সামনে আরও ভালো কিছু হবে।’

বাংলাদেশ ফুটবল দলের বর্তমান কোচ থমাস ডুলি আমেরিকান। আমেরিকায় বসে বাংলাদেশের নতুন কোচ নিয়েও মন্তব্য করতে হয়েছে অধিনায়ককে। থমাস ডুলি ১৯৯৪ সালে আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে খেলেছেন এবং ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে তিনি আমেরিকার অধিনায়কত্ব করেছেন। তাই বাংলাদেশে কাজ করা অন্য কোচদের চেয়ে ডুলিকে এগিয়ে রাখছেন জামাল,‘সে পেশাদার ফুটবলার ছিল। আগের কোচ যারা ছিল তারা পেশাদার খেলোয়াড় ছিল না। আগের চেয়ে অনেক পার্থক্য। তার জ্ঞান অনেক ভালো। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি।’

অর্ধযুগের বেশি সময় ধরে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল। জাতীয় দলের জার্সিতে খেলছেন এক যুগের বেশি। দীর্ঘদিন বাংলাদেশের ফুটবলে খেলে তার উপলব্ধি, ‘বাংলাদেশের ফুটবল প্রায় পুরোটাই ঢাকা কেন্দ্রিক। শীর্ষ লিগে যারা খেলে সবই ঢাকার ক্লাব। বিভাগ বা জেলা থেকে দল আসলে সেটা আরও ভালো হয়। এজন্য আমি সুপার লিগের প্রস্তাব দিয়েছিলাম।’

হামজা চৌধুরী ও সামিত সোম বাংলাদেশ দলে আসায় শক্তি বেড়েছে। ফুটবল গোলের খেলা বাংলাদেশে ভালো মানের স্ট্রাইকারের সংকটের বিষয়টি আলোকপাত করেছেন নিউইয়র্কে বাংলাদেশি প্রবাসীরা। এই বিষয়ে অধিনায়কের মন্তব্য, ‘৭-৮ বছর ধরে আমি এই প্রশ্ন পাচ্ছি। ঘরোয়া লিগে বিদেশি স্ট্রাইকার খেলে। ক্লাবগুলো টাকা বিনিয়োগ করে। এটাও একটা ইস্যু।’

জামাল ভূঁইয়া ব্রাজিলের সমর্থক। আগামীকাল ব্রাজিলের খেলা দেখতে হিউস্টন যাবেন। রাউন্ড অফ ৩২-এ ব্রাজিলের ম্যাচ জাপানের বিপক্ষে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে কে? এমন প্রশ্নের উত্তরে জামাল হেসে বলেন,‘কেপ ভার্দে’। আগামী ১৯ জুলাই নিউইয়র্ক নিউ জার্সিতে বিশ্বকাপের ফাইনাল। ফাইনালের শহরে এসেছেন এবং আরেকটি বিশ্বকাপের ম্যাচ দেখবেন। তাই বেশ উচ্ছ্বসিত বাংলাদেশ দলের অধিনায়ক, ‘সব ফুটবলারই কাছ থেকে বিশ্বকাপ ম্যাচ দেখতে চায়। আমি নিউইয়র্কে আসতে পেরে ভালো লাগছে। একটি ম্যাচ দেখব এটাও দারুণ।’

এজেড/এফআই