বিশ্বকাপের প্রায় একশ বছরের ইতিহাসে আট দেশের ৪৭১ খেলোয়াড় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি ছুঁয়ে দেখতে পেরেছেন। তাদের মধ্যে কেবল ২১ জন এই সাফল্যের পুনরাবৃত্তি করেছেন, একমাত্র খেলোয়াড় হিসেবে তিনটি ট্রফি জিতে বিশেষ আসনে পেলে। চলতি বিশ্বকাপে দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বেঁচে আছে নকআউটে ওঠা তিন দেশের ২২ খেলোয়াড়ের।
বিশ্বকাপের একই আসরে এত বেশি সংখ্যক বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড়দের অংশগ্রহণ টুর্নামেন্টের ইতিহাসে রেকর্ড। এর আগে সর্বশেষ ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে দ্বিতীয় শিরোপার জন্য সর্বোচ্চ ১৯ জন অংশ নিয়েছিল—২০১০ সালের দক্ষিণ আফ্রিকায় ১৬ জন স্প্যানিশ বিজয়ী ও ২০০৬ সালের জার্মানিতে তিনজন ইতালিয়ান চ্যাম্পিয়ন।
এর মধ্যে আর্জেন্টিনা থেকেই ১৭ জন খেলোয়াড় এবারের আসরে অংশ নিচ্ছেন, যারা ২০২২ সালে কাতার বিশ্বকাপ জিতেছিলেন, যার মধ্যে অন্যতম লিওনেল মেসি। আর কোচ লিওনেল স্কালোনিও শিরোপা ধরে রাখার লড়াইয়ে আছেন।
২০১৮ বিশ্বকাপ জেতা কোচ দিদিয়ের দেশম এবারও আছেন। আর ওই আসরে শিরোপা জেতা চারজন খেলোয়াড় কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, এন’গোলো কাঁতে ও লুকাস হার্নান্দেজ দ্বিতীয় শিরোপায় চোখ রাখছেন। এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন্স টিমের আরেক সদস্য ম্যানুয়েল ন্যয়ার। ২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জিতেছিলেন তিনি।
চলতি বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড় কারা:
লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, এজেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, কিলিয়ান এমবাপে, উসমান দেম্বেলে, এন’গোলো কাঁতে, লুকাস হার্নান্দেজ ও ম্যানুয়েল ন্যয়ার।
এফএইচএম

