World Cup Football Field

বিজ্ঞাপন

‘উট বিক্রির টাকায়’ আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখতে এসেছিলেন তারা

‘উট বিক্রির টাকায়’ আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ দেখতে এসেছিলেন তারা

এবারের বিশ্বকাপে টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে কম সমালোচনা হয়নি। ফিফার প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন ভক্ত-সমর্থকরা। তাদের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের মূল্য ফাইনালের, প্রায় সাড়ে ৭ লাখ টাকা।

ইতোমধ্যে গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গেছে। এই পর্বের শেষ দিনের আর্জেন্টিনা-জর্ডান ম্যাচের টিকিটের ছিল বিপুল চাহিদা। গ্রুপ পর্বের অন্যতম সর্বোচ্চ দাম দিয়ে টিকিট কিনতে হয়েছে দর্শক-সমর্থকদের। সবচেয়ে সস্তা টিকিটের দাম ১২০ ডলার, সর্বোচ্চ ২৫০ ডলার।

টিকিটের দাম অনেক হলেও ভক্ত-সমর্থকদের ভিড় ছিল দেখার মতো। আমেরিকার একাধিক ভেন্যুতে রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিত হয়েছেন। টেক্সাসে আর্জেন্টিনা ও জর্ডানের শেষ গ্রুপ ম্যাচে ৭০ হাজারের বেশি দর্শক ছিলেন গ্যালারিতে, তাদের মধ্যে একজন বিশেষ নজর কেড়েছেন।

৮০তম মিনিটে লিওনেল মেসি দলের তৃতীয় গোল করার কিছুক্ষণ আগে জর্ডানের এক দর্শকের হাতে প্ল্যাকার্ড উঁচু করে রাখতে দেখা যায়। সেখানে লেখা, ‘এই টিকিটগুলোর জন্য আমরা আমাদের উট বিক্রি করে দিয়েছি’। লেখাটির ডানপাশে জর্ডানের পতাকা, আরেক পাশে সানগ্লাস চোখে ও মাথায় পাগড়ি পরা একটি উটের ছবি, তার গলায় ঝুলানো একটি কাগজে লেখা, ‘ওর্থ ইট’ মানে সার্থক। 

এর আগেই চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার জালে প্রথম কোনো দল হিসেবে বল জড়ায় জর্ডান। মুসা আল তামারির সেই গোল দেখার পরই হয়তো ওই ভক্ত-সমর্থকের মনে হয়েছে, বেশি দাম দিয়ে টিকিট কেনা বিফলে যায়নি।

প্রথম দুটি ম্যাচেই জর্ডান হেরে জে গ্রুপ থেকে বিদায় নিশ্চিত করেছিল। অস্ট্রিয়ার কাছে ৩-১ ও আলজেরিয়ার কাছে ২-১ গোলে হারে তারা। শেষটাও হলো ৩-১ গোলে আর্জেন্টিনার কাছে হেরে। দেশটির প্রথম বিশ্বকাপ শেষ হলো কোনো সাফল্য ছাড়াই।

এফএইচএম