World Cup Football Field

বিজ্ঞাপন

মেসির টানা ৭, রোনালদোর ৬—বিশ্বকাপের গ্রুপ পর্বে যত রেকর্ড

মেসির টানা ৭, রোনালদোর ৬—বিশ্বকাপের গ্রুপ পর্বে যত রেকর্ড

চলতি বিশ্বকাপই শুরু হয়েছে রেকর্ড গড়ে। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ৪৮ দল অংশ নিয়েছে। ১৭ দিনে ৭২ ম্যাচ খেলে শেষ হয়েছে গ্রুপ পর্ব। এই সময়ে স্টেডিয়াম ধারণক্ষমতার ৯৯ শতাংশ পূর্ণ ছিল। লিওনেল মেসি হয়েছেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা, রেকর্ড হয়েছে আরও। ৭৮ বছর বয়সী কোচ, একজন গোলরক্ষক সেভ করেছেন ১৫টি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো তার ষষ্ঠ বিশ্বকাপে গোল করেছেন। এমন কিছু রেকর্ড দেখে নেওয়া যাক।

ইতিহাসের সবচেয়ে বড় গ্রুপ পর্ব

৪৮ দল অংশ নিয়েছে। ১৭ দিনে খেলা হয়েছে ৭২ ম্যাচ। অথচ এর আগে ৩২ দলের ফরম্যাটে গ্রুপ পর্বের খেলা হয়েছিল ১২ থেকে ১৩ দিনে, ম্যাচ ৪৮টি।

রেকর্ড সংখ্যক দর্শক

৩২ বছর ধরে অক্ষত ছিল একটি রেকর্ড। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ পর্বে উপস্থিত ছিলেন ৩৫ লাখ ৮৭ হাজার ৫৩৮ দর্শক। আর এবার সেটা ছাড়িয়ে হয়েছে ৩৬ লাখ ৫ হাজার ৩৫৭ জন।

দ্য অ্যাজটেকা, তিনটি উদ্বোধনী ম্যাচের ভেন্যু

লিজেন্ডারি মেক্সিকো সিটি স্টেডিয়াম একমাত্র ভেন্যু, যারা তিনটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজন করেছে: ১৯৭০, ১৯৮৬ ও ২০২৬। অষ্টমবারের প্রচেষ্টায় তারা প্রথম উদ্বোধনী ম্যাচ আয়োজন করেছিল।

উদ্বোধনী ম্যাচে তিন নির্বাসন

মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে আরেকটি রেকর্ড। উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড। দক্ষিণ আফ্রিকার স্পেফেলো সিটহোল ও থেম্বা জোয়ানে এবং মেক্সিকান সিজার মোন্তেস এই শাস্তি পান।

মেসি, সর্বকালের শীর্ষ গোলদাতা

নিজের ষষ্ঠ বিশ্বকাপে ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড ১৮ গোলের দেখা পান। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে তিনি ছাড়িয়ে যান মিরোস্লাভ ক্লোসাকে। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেন।

হ্যাটট্রিক করা সবচেয়ে বয়স্ক খেলোয়াড়

৩৮ বছর ও ৩৫৭ দিন বয়সী মেসি সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিক করেন। পেছনে ফেলেন ২০১৮ সালে ৩৩ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডকে।

সবচেয়ে বেশি জয়

ক্লোসাকে আরেকটি রেকর্ড থেকে সরিয়ে দিয়েছেন মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে ১৮তম জয়ে জার্মান লিজেন্ডকে ছাড়ান। জর্ডানের বিপক্ষে জিতে সেই সংখ্যা ১৯ এ নিলেন তিনি।

ছয় বিশ্বকাপে রোনালদোর গোল

কঙ্গোর বিপক্ষে পারফরম্যান্স ছিল প্রশ্নবিদ্ধ। উজবেকিস্তানের বিপক্ষে করলেন জোড়া গোল। তাতে একমাত্র খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোলের কীর্তি গড়েন পর্তুগাল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

সবচেয়ে বয়স্ক কোচ

ডাচমান ডিক অ্যাডভোকাট ৭৮ বছর বয়সে বিশ্বকাপে ডাগআউটে দাঁড়ালেন। কুরাসাও কোচ হলেন বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ট্যাকটিশিয়ান।

৯০ মিনিটে রেকর্ড সংখ্যক সেভ

কুরাসাও গোলকিপার এলয় রুম ইকুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে ১৫টি সেভ করেন। অতিরিক্ত সময়ের আগেই কোনো বিশ্বকাপ ম্যাচে যা সর্বোচ্চ সেভ।

মেসির টানা সাত ম্যাচে গোল

বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার অনন্য এক কীর্তিতে নাম লেখালেন লিওনেল মেসি। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের দিনে টানা ৬ ম্যাচে গোল করে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জাইরজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন।

এফএইচএম