বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ান জায়ান্ট জাপান। তবে টেক্সাসের হিউস্টনে এই মহারণের ঠিক আগ মুহূর্তে বড় ধাক্কা খেল জাপান। এই ম্যাচ থেকে ছিটকে গেলেন দলের অন্যতম সেরা তারকা ডাকেফুসা কুবো।
নেদারল্যান্ডসের বিপক্ষে জাপানের প্রথম ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। সেই ম্যাচেই বাম হাঁটুতে গুরুতর চোট পান ২৫ বছর বয়সী কুবো। এরপর গ্রুপ পর্বে তিউনিসিয়া ও সুইডেনের বিপক্ষে ম্যাচেও তিনি স্কোয়াডের বাইরে ছিলেন।
নাসভিলের বেস ক্যাম্পে এতদিন ব্যক্তিগত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেও রবিবারের অনুশীলনে কুবোকে মূল দলের সঙ্গে যোগ না দিয়ে একা একাই রানিং করতে দেখা যায়। সংবাদ সম্মেলনে কোচ হাজিমে মোরিয়াসু বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সে এখনও শুধু ব্যক্তিগতভাবে রানিং ও ট্রেনিং করছে। তাই ব্রাজিলের বিপক্ষে ম্যাচে ও খেলতে পারছে না। আমরা সবাই চাই সে দ্রুত সুস্থ হয়ে উঠুক।’
দলের সেরা তারকাকে না পেলেও ব্রাজিলের বিপক্ষে এক অবিশ্বাস্য জয়ের স্বপ্ন দেখছেন জাপানি কোচ। ফুটবল বিশ্বে সামুরাই ব্লুরা আন্ডারডগ হিসেবে নামলেও ৯ মাস আগের এক সুখস্মৃতি থেকে অনুপ্রেরণা নিচ্ছেন তারা। গত বছরের অক্টোবরে টোকিওতে এক প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়ে চমকে দিয়েছিল জাপান।
কোচ মোরিয়াসু বলেন, ‘র্যাংকিং বা শক্তির বিচারে ব্রাজিল অনেক এগিয়ে, তারা টুর্নামেন্ট জয়ের অন্যতম দাবিদার। অনেকেই হয়তো আমাদের আন্ডারডগ বলবে এবং আমরা সেটা মাথায় রেখেই মাঠে নামব। তবে গত বছর যখন আমরা ওদের হারিয়েছিলাম, তখনও কেউ আমাদের ওপর বাজি ধরেনি। আমাদের বিশ্বাস আছে, আজ আমরা ইতিহাস বদলে দিতে পারব। পুরো বিশ্ব আজ আমাদের দিকে তাকিয়ে আছে।’
২০২২ সালের কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় জাপান। এবার টাইব্রেকারে ম্যাচ গড়ালে আর ভুল করতে চান না কোচ। তিনি বলেন, ‘যদি আজ ম্যাচটি টাইব্রেকারে গড়ায়, তবে গতবারের মতো খেলোয়াড়দের ইচ্ছার ওপর পেনাল্টি নেওয়ার দায়িত্ব ছেড়ে দেওয়া হবে না। এবার কার পর কে শট নিতে যাবে, সেই সিরিয়াল বা ক্রমটি কোচ হিসেবে আমি নিজেই নির্ধারণ করে দেব।’
এমএমএম/

