বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই দক্ষিণ কোরিয়ার বিদায়ের পর দেশটির ফুটবল অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। দলের ব্যর্থতার দায় নিয়ে প্রধান কোচ হং মিয়ুং-বো পদত্যাগ করার পর এবার পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিয়ুং।
বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে প্রেসিডেন্ট জানিয়েছেন, এই ব্যর্থতার পেছনের কারণ খুঁজে বের করতে হবে। একই সঙ্গে হং মিয়ুং-বোকে কোচ হিসেবে নিয়োগের প্রক্রিয়া নিয়েও পর্যালোচনার ইঙ্গিত দিয়েছেন তিনি।
বিশ্বকাপে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-১ গোলের জয় দিয়ে অভিযান শুরু করেছিল দক্ষিণ কোরিয়া। তবে পরের দুই ম্যাচে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার কাছে সমান ১-০ গোলের ব্যবধানে হেরে যায় এশিয়ার দলটি। গ্রুপ পর্ব শেষে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় সেরা আট তৃতীয় দলের তালিকায় জায়গা করতে পারেনি ২০০২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের।
দলের ব্যর্থতার দায় স্বীকার করে কোচের পদ থেকে সরে দাঁড়ান হং মিয়ুং-বো। এরপরই বিষয়টি নিয়ে সরব হন প্রেসিডেন্ট লি জায়ে মিয়ুং। এক বিবৃতিতে তিনি বলেন, 'বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে করদাতাদের অর্থ এবং রাষ্ট্রীয় তহবিল ব্যয় করা হয়। তাই আমি সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়কে এই ব্যর্থতার কারণ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত ও বিশ্লেষণের নির্দেশ দিয়েছি।'
তিনি আরও বলেন, 'কী কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, তা নির্ধারণ করে ভবিষ্যতে যেন এমন ব্যর্থতার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।'
দক্ষিণ কোরিয়ার ক্রীড়া প্রশাসনেও পরিবর্তনের আভাস দিয়েছেন প্রেসিডেন্ট। লি জায়ে মিয়ুং বলেন, 'এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনো না ঘটে, সে জন্য আমরা ক্রীড়া প্রশাসনে দ্রুত সংস্কার আনব।'
এইচজেএস

