World Cup Football Field

বিজ্ঞাপন

পরের রাউন্ডে ফ্রান্স ম্যাচের দিকে তাকিয়ে ছিল জার্মানি!

পরের রাউন্ডে ফ্রান্স ম্যাচের দিকে তাকিয়ে ছিল জার্মানি!

অবিশ্বাস্য নাটকীয়তায় টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপের শেষ ৩২ থেকে ছিটকে গেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিটেও ১-১ গোলে সমতায় থাকার পর ম্যাচ পেনাল্টি শ্যুটআউটে গড়ায়। এরপর প্যারাগুয়ের ইতিহাস গড়ার দৃশ্যের সামনে জার্মানরা ছিল অসহায় দর্শক। যদিও কোচ জুলিয়ান নাগালসম্যান পরের রাউন্ডে ফ্রান্স ম্যাচ নিয়ে ভাবছিলেন!

২০১৪ সালে সর্বশেষ কোনো মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলেছে জার্মানি। সেবার তারা ব্রাজিলে নিজেদের চতুর্থ বিশ্বশিরোপা পায়। এরপর বড় মঞ্চে আর বলার মতো প্রভাব ছিল না জার্মানদের। যদিও এই বিশ্বকাপে তাদের চোখ ছিল শেষ ষোলোর সম্ভাব্য প্রতিপক্ষের দিকে। কোচ নাগালসম্যান বলেন, ‘এই টুর্নামেন্টে আরও কিছু করার সম্ভাবনা ছিল। শেষ ষোলোয় আমরা ফ্রান্সের বিপক্ষে নিজেদের দেখতে পছন্দ করতাম। তবে যথেষ্ট ভালো করতে পারিনি।’

৩৮ বছর বয়সী জার্মান কোচ ২০২৩ সালে দলটির দায়িত্ব নেন। ৪০ বছরের মাঝে নাগালসম্যান সর্বকনিষ্ঠ কোচ হিসেবে বিশ্বকাপের নকআউটে কোনো দলকে পরিচালনা করতে নেমেছিলেন। কিন্তু প্যারাগুয়ে তার সেই মাইলফলক ম্যাচটি ছিনিয়ে নিয়েছে। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে গ্রুপপর্বও পেরোতে না পারা জার্মানরা এবার বিদায় নিলো শেষ ৩২ থেকে। এখন নাগালসম্যানের ভবিষ্যতও অনিশ্চয়তায়!

এই বিশ্বকাপের আগে জার্মান কোচ বলেছিলেন তার দেশকে পঞ্চম বিশ্বমুকুট জয়ে প্রাধান্য দিচ্ছেন। যা দেশটির অনেককেই আশাবাদী করেছিল। কিন্তু ফুটবলের সর্বোচ্চ আসর থেকে হতাশার বিদায়ের পর নিজের কোচিং টেকানো–ই দায় হয়ে পড়তে পারে নাগালসম্যানের। তার অধীনে জার্মানি সর্বোচ্চ ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ আটে উঠতে পেরেছিল।

Image

প্যারাগুয়ের কাছে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে নাগালসম্যান জানান, ‘আমার হাতে কিছু নেই, তবে তারা চাইলে আমি থাকতে প্রস্তুত। যদি কেউ আমাকে (কোচের পদে) না চায়, তাহলে আমাকে বলতে পারেন। ব্যক্তিগতভাবে আমি (জার্মানির কোচ হিসেবে) থাকতে চাই। আমি এমন কেউ নই যে পালিয়ে যাব। আমি চালিয়ে যেতে চাই। তবে ফুটবলে সবকিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না। যদি ডিএফবি (জার্মানি ফুটবল অ্যাসোসিয়েশন) চায়, তাহলে আমি দলকে ইউরো ও নেশন্স লিগে পরিচালনা করতে প্রস্তুত।’

প্রসঙ্গত, ফ্রান্স অবশ্য এখনও নকআউটে নামেনি। আজ (মঙ্গলবার) দিবাগত রাত ৩টায় তাদের শেষ ৩২–এ লড়বে নরওয়ের বিপক্ষে। কিলিয়ান এমবাপের দল ‘আই’ গ্রুপ থেকে তিন ম্যাচের সবকটিতে জিতে নকআউটে পা রাখে। ২০১৮ বিশ্বকাপের শিরোপাধারীরা এবারও দারুণ ফর্মে এবং শিরোপার অন্যতম দাবীদার।

এএইচএস