বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে মাঠের বাইরের ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি হচ্ছেন এই তারকা। বেতন নিয়ে বনিবনা না হওয়ায় রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তি নবায়ন এখনও ঝুলে আছে। আগামী ছয় মাসের মধ্যে নতুন চুক্তি না হলে ২০২৭ সালের জানুয়ারি থেকে অন্য ক্লাবের সঙ্গে প্রি-কন্ট্রাক্ট করার সুযোগ পাবেন তিনি।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, মৌসুমপ্রতি প্রায় ২ কোটি ইউরো পারিশ্রমিক পাওয়া ভিনিসিয়ুস নিজের বর্তমান বেতন নিয়ে সন্তুষ্ট নন। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের চাওয়া, বার্ষিক ৩ কোটি ইউরো। কিন্তু রিয়াল মাদ্রিদ এত বড় অঙ্কের বেতন দিতে রাজি নয় বলেই আলোচনা আটকে আছে।
তবু ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এই ফরোয়ার্ডকে আগামী মৌসুমেও পেতে আশাবাদী। পুনর্নির্বাচনের প্রচারণায় তিনি বলেছিলেন, ‘ভিনিসিয়ুস থাকতে চায়, আমিও চাই সে থাকুক।’ কিন্তু ভিনির বেতন বৃদ্ধি নিয়ে বিশেষ কোনো মন্তব্য করেননি তিনি।
এদিকে বিশ্বকাপ চলায় ভিনিসিয়ুসের পারফরম্যান্স নিয়ে বেশ সতর্ক রিয়াল মাদ্রিদ ও তার প্রতিনিধিরা। ব্রাজিলিয়ান এই তারকার পারফরম্যান্সে যেন প্রভাব না পড়ে, এজন্য চুক্তি নবায়ন নিয়ে আলোচনা আপাতত স্থগিত রেখেছে উভয়পক্ষ।
ভিনিসিয়ুসও বিশ্বকাপ শুরুর আগে স্পষ্ট করেছিলেন, এই মুহূর্তে তার পুরো মনোযোগ ব্রাজিল জাতীয় দলেই। বিশ্বকাপ শেষ হওয়ার পরই রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলবেন বলে জানান তিনি। তবে শেষ পর্যন্ত বেতনের টানাপোড়নে যদি চুক্তি নবায়ন না হয়, তবে নতুন ক্লাবে যোগ দিবেন আনচেলত্তির এই শিষ্য।
গুঞ্জন ছিলো, রিয়াল মাদ্রিদ ছেড়ে সৌদি আরবের ক্লাবে যোগ দেবেন ভিনিসিয়ুস। গত কয়েক মাসে এসব উড়ন্ত খবর শোনা গেলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাবনার খবর পাওয়া যায়নি। এছাড়া ইউরোপের কয়েকটি বড় ক্লাবের সঙ্গে এই ফরোয়ার্ডের চুক্তির গুঞ্জন থাকলেও সেটা বাস্তবে রূপ নেয়নি।
এদিকে চলমান বিশ্বকাপে ব্রাজিলের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন ভিনিসিয়ুস জুনিয়র। এখন পর্যন্ত তিন গোল ও দুটি অ্যাসিস্ট করে চুক্তি নবায়নে নিজের অবস্থান আরও শক্তপোক্ত করেছেন। ফলে রিয়াল মাদ্রিদে শেষ পর্যন্ত না থাকলেও ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের পারিশ্রমিক যে বাড়ছে, তা অনুমেয়।
আইএইচ
