World Cup Football Field

বিজ্ঞাপন

নরওয়ে নাকি আইভরি কোস্ট, ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে ভবিষ্যদ্বাণী

নরওয়ে নাকি আইভরি কোস্ট, ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে ভবিষ্যদ্বাণী

শেষ ৩২-এর ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে আফ্রিকার দেশ আইভরি কোস্ট এবং ইউরোপীয়ান শক্তি নরওয়ে। টেক্সাসের ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের জয়ী দল শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।

এর আগে কোনো বিশ্বকাপেই গ্রুপ পর্বের গণ্ডি পেরোতে পারেনি আইভরি কোস্ট। এবার প্রথমবারের মতো নকআউটে উঠেছে তারা। অন্যদিকে, দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ে ১৯৯৮ সালের পর আবারও শেষ ষোলোতে যাওয়ার স্বপ্ন দেখছে।

নরওয়ে দলের কেন্দ্রবিন্দুতে আছেন স্ট্রাইকার আর্লিং হালান্ড। গ্রুপ পর্বে মাত্র ২ ম্যাচ খেলেই ৪টি গোল করেছেন এই ‘গোলমেশিন’। শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল।

অন্যদিকে, আইভরি কোস্টের আক্রমণে মূল ভরসা নিকোলাস পেপে। গ্রুপ পর্বে ইতোমধ্যে ২ গোল করেছেন। তবে ফুটবলবিশ্বের নজর থাকবে ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান দিওমান্দের ওপর। আরবি লাইপজিগের এই তরুণ এই বিশ্বকাপে আইভরি কোস্টের মাঝমাঠের মূল চালিকাশক্তি হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। 

আন্তর্জাতিক ফুটবলে এর আগে এই দুই দল কখনো মুখোমুখি হয়নি। এটিই তাদের প্রথম দ্বৈরথ। অপ্টার সুপারকম্পিউটারের সিমুলেশন অনুযায়ী, নকআউটের ম্যাচটিতে নরওয়ের জয়ের সম্ভাবনা ৫৬.১%। অন্যদিকে, আইভরি কোস্টের জয়ের সম্ভাবনা ২১.৬% । এ ছাড়া ম্যাচটি অতিরিক্ত সময়ে (বা টাইব্রেকারে) যাওয়ার সম্ভাবনা ২২.৩%।

আইভরি কোস্ট সম্ভাব্য একাদশ : ফোফানা (গোলরক্ষক); দুয়ে, কোসোনু, ও. দিওমান্দে, কোনান; সাঙ্গারে; দিয়ালো, কেসি, উলাই, ই. দিওমান্দে; পেঁপে। নরওয়ে সম্ভাব্য একাদশ: নাইল্যান্ড (গোলরক্ষক); পেডারসেন, আয়ের, হেগেম, মোলার উলফে; ওডেগার্ড, বার্গ, আউর্সনেস; সরলথ, হালান্ড ও নুসা।

প্রসঙ্গত, আইভরি কোস্ট বনাম নরওয়ে ম্যাচের জয়ী দল শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের মুখোমুখি হবে। আগামী ‍৬ জুলাই রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এফআই