World Cup Football Field

বিজ্ঞাপন

‘আসল লড়াই তো এখনই’, কেপ ভার্দে ম্যাচের আগে স্কালোনি

‘আসল লড়াই তো এখনই’, কেপ ভার্দে ম্যাচের আগে স্কালোনি

গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানকে হারিয়ে গ্রুপ সেরা হয়েই শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে গ্রুপ পর্বের হিসাব-নিকাশ চুকিয়ে আলবিসেলেস্তে কোচ লিওনেল স্কালোনি তার দলকে সাফ জানিয়ে দিয়েছেন- আসল বিশ্বকাপ শুরু হচ্ছে এখন থেকে, যেখানে একটি ভুলেই হতে পারে স্বপ্নভঙ্গ।

গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা। স্কালোনি মনে করেন, গ্রুপ পর্বের উদ্দেশ্য ছিল কেবল পরের রাউন্ড নিশ্চিত করা এবং ফুটবলারদের চোটমুক্ত রেখে শক্তি ধরে রাখা। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন।

স্কালোনি বলেন, ‘আমরা ভালো অবস্থানে আছি, তবে এখন বিশ্বকাপের সম্পূর্ণ নতুন এক অধ্যায় শুরু হচ্ছে। আসল লড়াই তো এখনই! নক-আউটে ভুল শুধরে নেওয়ার জন্য পরের কোনো ম্যাচ আর পাওয়া যাবে না। প্রতিটি ম্যাচই এখন আমাদের জন্য একেকটি ফাইনাল।’

গ্রুপ পর্বে বেঞ্চের খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে সুযোগ দিলেও, নক-আউটে স্কালোনি আর কোনো পরীক্ষা-নিরীক্ষায় যাচ্ছেন না। কেপ ভার্দের বিপক্ষে পূর্ণ শক্তির সেরা একাদশই মাঠে নামাবেন তিনি। তবে আর্জেন্টিনার ডিফেন্স লাইনের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ান রোমেরোর খেলা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। ইনজুরি কাটিয়ে আজ দলের সাথে হালকা অনুশীলন করলেও শুক্রবারের ম্যাচে তিনি শুরু থেকে খেলবেন কি না, তা নিয়ে এখনো নিশ্চিত নয় মেডিকেল টিম।

গ্রুপ পর্বে অধিনায়ক লিওনেল মেসি তার চেনা ছন্দে থাকলেও আক্রমণের মূল স্ট্রাইকার পজিশন নিয়ে মধুর সমস্যায় পড়েছেন স্কালোনি। দুর্দান্ত ফর্মে থাকা লাউতারো মার্তিনেস নাকি তরুণ তুর্কি হুলিয়ান আলভারেস- কেপ ভার্দের বিপক্ষে কে শুরু করবেন, সেটাই এখন বড় প্রশ্ন।

এমএমএম/