ঝুলন্ত ও ঐতিহাসিক ব্রিজ হিসেবে বিশ্বজোড়া খ্যাতি ব্রুকলিন ব্রিজের। সেই ব্রিজের নিচেই সুবিশাল পর্দায় বিশ্বকাপ ফুটবল দেখানোর আয়োজন করেছে ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান এডিডাস। প্রতিদিন হাজার হাজার ফুটবলপ্রেমী নিউইয়র্কে এডিডাসের হোম অফ সকারে বিশ্বকাপ ফুটবল উপভোগ করছে।
বিশাল জায়ান্ট স্ক্রিনের সামনে বসে খেলা দেখার সুযোগ যেমন রয়েছে। তেমনি খেলা দেখতে দেখতে ক্লান্ত বা হাঁপিয়ে গেলে এক খেলার ফাঁকে বা আরেক খেলার মাঝে বিশ্রাম নেওয়ার ব্যবস্থা রয়েছে। জায়ান্ট স্ক্রিনের কয়েক গজ দূরে ঘাসে শুয়ে ক্লান্তি দূর করেন ফুটবলপ্রেমীরা। সেখানে বসে কিংবা শুয়েও খেলা দেখা যায়। হাডসন নদী বেয়ে নির্মল বাতাস মন জুড়িয়ে দেয় নিমিষেই।

ঘাসের পাশেই রয়েছে এডিডাসের দুটি বড় ডিজাইনের শু। সেখানে বসে ম্যানহাটন ও ব্রুকলিন ব্রিজকে পেছনে রেখে ছবি তোলার ভিড় ফুটবলপ্রেমীদের। কয়েক গজ বামে তাকালেই দূর থেকে দেখা যায় ঐতিহাসিক স্টাচু অফ লিবার্টি। এডিডাসের হোম অফ সকারের এক প্রান্তে বসে স্টাচু অফ লিবার্টিও দর্শন হয়।
আমেরিকার সময় দুপুর ১২ টায় খেলা শুরু হয়ে রাত ১২ টা পর্যন্ত চলে। শুধু খেলা দেখা নয়, ফুটবলপ্রেমীদের নিজেদের খেলার সুযোগও রয়েছে। ছোট্ট টার্ফে ফোর এ সাইড ম্যাচ খেলে ঘাম ঝরান অনেকে। বিশেষত তরুণরা খেলার বিরতিতে ফুটবলে মাতেন।

খেলা দেখতে আগত দর্শনার্থীদের জন্য খাবার ও টয়লেটেরও সুব্যবস্থা রয়েছে। অ্যালকোহল, সফট ড্রিংকস, বার্গার, চিপসসহ প্রয়োজনীয় খাবার কেনার সুযোগ রয়েছে যার যার পছন্দ অনুযায়ী। হাজার হাজার মানুষের আগমন তাই এক কোণায় ৫০ টির মতো ভ্রাম্যমাণ টয়লেট স্থাপন করেছে এডিডাস।
প্রকৃতি ও স্থাপত্যের মাঝে ফুটবল দেখা যায় বিনা পয়সায়। এজন্য শুধু আগেভাগে এডিডাসে নিবন্ধন করতে হয়। সাধারণ নিবন্ধনকারীরা জায়ান্ট স্ক্রিনের সামনে কিংবা ঘাসে বসে খেলা দেখতে পারেন। বিশেষ ব্যাচধারীরা পাশেই ছোট স্ক্রিনে টেবিলের সামনে খেলা দেখার সুযোগ পান। ওই জোনের বাইরে অ্যালকোহল নিয়ে প্রবেশ করা যায় না।

নানা সুযোগ সুবিধার পাশাপাশি ব্যবসার ব্যবস্থাও ঠিক রেখেছে এডিডাস। জায়ান্ট স্ক্রিনের পেছনে তাদের শো রুম রয়েছে। সেখানে এডিডাসের বল, বিশ্বকাপে যে সব দল তাদের জার্সি পরে খেলছে সেই জার্সিও রয়েছে।
এডিডাস বল, জার্সির পাশাপাশি মাফলারও তৈরি করে থাকে। ফুটবলপ্রেমীদের যার যেটা পছন্দ সেটা সংগ্রহ করেন নির্ধারিত মূল্য চুকিয়ে। খেলার বিরতি কিংবা দুই খেলার মাঝে এডিডাসের বিজ্ঞাপন-প্রোমোতে আগতদের এডিডাসে আকৃষ্ট করা হয়।
এজেড/এফআই

