রাউন্ড অব বত্রিশে নরওয়ে–আইভরি কোস্ট ম্যাচে গ্যালারিতে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। পানীয় কিনতে যাওয়ার আগে নিজেদের আসনে মোবাইল ফোন রেখে যান নরওয়ের কয়েকজন সমর্থক। ধারণা করা হচ্ছে সিট ‘রিজার্ভ’ রাখার চিহ্ন হিসেবে কাজটি করেছেন তারা।
গতকাল যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস স্টেডিয়ামে এমন দৃশ্য দেখা গেছে। ম্যাচ চলাকালে সম্প্রচার ক্যামেরায় ধরা পড়ে দৃশ্যটি, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
ম্যাচের সম্প্রচার চলাকালে ধারাভাষ্যকাররাও ঘটনাটি দেখে বিস্ময় প্রকাশ করেন। বিশ্লেষক লুয়ানা মালুফ মজা করে বলেন, ‘ওরা নিজেদের কোথায় আছে বলে মনে করছে, বুঝতে পারছি না! এ রকম সাহস সত্যিই অবাক করার মতো।’
বিশ্বকাপজুড়ে নরওয়ের সমর্থকরা আগেও আলোচনায় এসেছেন। বিশেষ করে ‘ভাইকিং রোয়িং’ উদ্যাপন—যেখানে প্রাচীন নর্ডিক নৌকার বৈঠা চালানোর ভঙ্গি একসঙ্গে অনুকরণ করেন তারা। ইতোমধ্যে যা ভাইরাল হয়েছে। এবার সেই তালিকায় যোগ হলো মোবাইল ফোন রেখে আসন সংরক্ষণের ঘটনাও।
মাঠের লড়াইয়েও দিনটি ছিল নরওয়ের। আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্লিং হালান্ডরা। আগামী রোববার ব্রাজিলের মুখোমুখি হবে তারা।
এফআই

