World Cup Football Field

বিজ্ঞাপন

ব্রাজিল-নরওয়ে ম্যাচ কবে-কখন?

ব্রাজিল-নরওয়ে ম্যাচ কবে-কখন?

বিশ্বকাপের শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ নিয়ে সব জল্পনার অবসান হয়েছে। রাউন্ড অব ৩২-এ আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্লিং হালান্ডের নরওয়ে। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও নরওয়ে।

জাপানের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে আগেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরপর অপেক্ষা ছিল প্রতিপক্ষ জানার। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সেলেসাওদের সামনে এখন নরওয়ের কঠিন চ্যালেঞ্জ।

ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৬ জুলাই, বাংলাদেশ সময় রাত ২টায়। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবে দুই দলের এই বহুল প্রতীক্ষিত লড়াই। শেষ আটে জায়গা করে নেওয়ার লক্ষ্যে দুই দলই নামবে মাঠে। জয়ী দল নিশ্চিত করবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট।

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অভিজ্ঞতা মোটেও আশাব্যঞ্জক নয়। এর আগে দুই দল চার ম্যাচে মুখোমুখি হয়েছিল। ইউরোপিয়ান দলটিকে একবারও হারাতে পারেনি লাতিন পরাশক্তিরা। দুটি ম্যাচ হেরেছে ব্রাজিল ও দুটি ম্যাচ ড্র হয়েছে। তবে এসব প্রায় ২০ বছর আগের ঘটনা।

বর্তমানে ব্রাজিল বিশ্বের অন্যতম পরাশক্তি। বিশ্বকাপেও দারুণ অবস্থানে আছে সেলসাওরা। ফলে শেষ ১৬-এর লড়াইয়ে ব্রাজিলকে ফেভারিট মানছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। ব্রাজিলের বিপক্ষে নরওয়ের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সম্ভাবনা খুবই কম।’

ফুটবলে অবশ্য বড়-ছোট দলের বিশেষ তকমা সবসময় কাজে আসে না। ফলে কোয়ার্টার ফাইনালে এই দুই দলের মধ্যে কারা জায়গা করে নেয়, সেটাই দেখার অপেক্ষা।

আইএইচ