শেষ ষোলোতে জায়গা করে নিতে পরস্পরের বিপক্ষে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল ইংল্যান্ড এবং প্রথমবার খেলতে এসেই চমকে দেওয়া ডিআর কঙ্গো। আটলান্টা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
মাঠে নামার ঠিক আগমুহূর্তে বড় সংকটে পড়েছেন ইংলিশ কোচ টমাস টুখেল। দলের দুই প্রধান ডিফেন্ডার রিচ জেমস এবং জ্যারেল কুয়ানসাহ চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন। রক্ষণভাগের এই তীব্র সংকট সামাল দিতে গিয়ে টুখেল রাইট-ব্যাক পজিশনে অন্তর্ভুক্ত করেছেন টটেনহ্যাম তারকা জেদ স্পেন্সকে, যা ইংলিশ শিবিরে বেশ বড় এক চমক।
ইংলিশ শিবিরের জন্য বড় স্বস্তির খবর হলো, চোট এবং কার্ডের শঙ্কা কাটিয়ে মাঝমাঠে ফিরছেন নির্ভরযোগ্য মিডফিল্ডার ডেক্লান রাইস। রাইস একাদশে ফেরায় জুড বেলিংহাম আবার তার চেনা পজিশনে খেলার সুযোগ পাচ্ছেন।
আর্সেনাল তারকা বুকায়ো সাকাকে বেঞ্চে বসিয়ে ডানপ্রান্তে সুযোগ দেওয়া হয়েছে চেলসির ননি মাদুয়েকেকে। অন্যদিকে অ্যান্থনি গর্ডনের জায়গায় লেফট-উইংয়ে শুরু থেকেই খেলবেন ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড। আক্রমণের বরাবরের মতোই থাকছেন অধিনায়ক হ্যারি কেইন।
ইংল্যান্ডের শুরুর একাদশ:
জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), জেদ স্পেন্স, এজরি কনসা, মার্ক গুয়েহি, ও’রেইলি, এলিয়ট অ্যান্ডারসন, ডেক্লান রাইস, ননি মাদুয়েকে, জুড বেলিংহাম, মার্কাস রাশফোর্ড ও হ্যারি কেইন।
এমএমএম/
