World Cup Football Field

বিজ্ঞাপন

বিশ্বকাপের মাঝেই চাকরি ছাড়লেন ৭ কোচ

বিশ্বকাপের মাঝেই চাকরি ছাড়লেন ৭ কোচ

বিশ্বকাপ মানেই শুধু জয়-পরাজয়ের লড়াই নয়, কোচদের জন্যও এটি সবচেয়ে বড় পরীক্ষার মঞ্চ। প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে টুর্নামেন্ট চলাকালীন কিংবা বিদায়ের পরপরই গুনতে হয় খেসারত। এবারের বিশ্বকাপেও তার ব্যতিক্রম হয়নি। এখন পর্যন্ত ছয়জন কোচ দায়িত্ব ছেড়েছেন, একজনকে সরাসরি বরখাস্ত করা হয়েছে।

বিশ্বকাপের মাঝেই সবচেয়ে আলোচিত বিদায়ের একটি নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যানের। শিরোপার স্বপ্ন নিয়ে বিশ্বকাপে এলেও রাউন্ড অব ৩২-এ মরক্কোর বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ডাচরা। সেই হতাশার পরই দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন কোম্যান। ফলে নতুন কোচের খোঁজে নামতে হবে ডাচদের।

ইকুয়েডরের কোচ সেবাস্তিয়ান বেকাসেসেও বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দায়িত্ব ছেড়ে দেন। রাউন্ড অব ৩২-এ মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে ছিটকে যায় তার দল। এরপরই পদত্যাগের ঘোষণা দেন এই আর্জেন্টাইন কোচ। বিশ্বকাপে প্রত্যাশিত ফল না পাওয়ায় ইকুয়েডরও তার সঙ্গে চুক্তি নবায়নের সিদ্ধান্ত থেকে সরে আসে।

স্টিভ ক্লার্কের সাত বছরের অধ্যায়েরও সমাপ্তি হয়েছে এবারের বিশ্বকাপেই। গ্রুপ পর্ব থেকে স্কটল্যান্ডের বিদায় নিশ্চিত হওয়ার পর দায়িত্ব ছাড়েন তিনি। ২০১৯ সালে দায়িত্ব নেওয়ার পর স্কটিশ ফুটবলে ইতিবাচক পরিবর্তন আনলেও বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স শেষ পর্যন্ত তার বিদায়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

দক্ষিণ কোরিয়ার কোচ হং মিয়ুং-বো দলকে প্রত্যাশিত সাফল্য এনে দিতে না পারায় তীব্র সমালোচনার মুখে পড়েন। বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে দায়িত্ব ছেড়ে দেন দেশটির সাবেক কিংবদন্তি ফুটবলার। তার বিদায়ে নতুন কোচের খোঁজে নামবে দক্ষিণ কোরিয়ার ফুটবল।

চেক প্রজাতন্ত্রের কোচ মিরোস্লাভ কুবেকও বিশ্বকাপ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ান। গ্রুপ পর্বেই দলের বিদায় নিশ্চিত হওয়ার পর তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। তার কোচিংয়ে আমলে সাত ম্যাচের কেবল দুটি জিততে পারে চেক প্রজাতন্ত্র। ফলে বেশ সমালোচনার মুখে পড়েন এই কোচ।

উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসাও বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে দায়িত্ব ছেড়েছেন। গ্রুপপর্বে একটি ম্যাচও জিততে পারেনি দলটি। স্পেনের কাছে হারের পাশাপাশি সৌদি আরব ও অভিষিক্ত কেপ ভার্দের বিপক্ষে ড্র করে মাত্র দুই পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে। 

এদিকে বিশ্বকাপের মাঝেই বরখাস্ত হয়েছেন তিউনিসিয়ার কোচ সাব্রি লামুশি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের বিপক্ষে ৫-১ গোলে বিধ্বস্ত হয় তিউনিসিয়া। এ হারের পর তাঁকে কোচের পদ থেকে ছাঁটাই করেছে তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। তার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন এরভে রেনার।

আইএইচ