World Cup Football Field

বিজ্ঞাপন

এগিয়ে থেকে বিরতিতে গেল সেনেগাল

এগিয়ে থেকে বিরতিতে গেল সেনেগাল

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল সেনেগাল। সেই চাপের ফল পেতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি আফ্রিকার দলটিকে। হাবিব দিয়ারার গোলে বেলজিয়ামের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করেছে তারা।

এর আগে ১৩তম মিনিটেই প্রায় গোল পেয়ে গিয়েছিল সেনেগাল। বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়ার ভুল ক্লিয়ারেন্সে বল পেয়ে যান ইসমাইলা সার। তবে তার নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলেও চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু সেটি যায় বাইরে দিয়ে।

তবে ২৫তম মিনিটে আর ভুল করেনি সেনেগাল। বাঁ দিক থেকে সাদিও মানের দারুণ এক বাঁকানো ক্রসে মাথা ছোঁয়ান ইসমাইলা সার। সেই হেড কোর্তোয়াকে পরাস্ত করলেও বল গিয়ে লাগে পোস্টে। কিন্তু ফিরে আসা বলে সবার আগে পৌঁছে সহজ ফিনিশে জাল খুঁজে নেন হাবিব দিয়ারা। গোলটি ছিল সেনেগালের প্রাপ্য। ম্যাচের শুরু থেকে তাদের আক্রমণাত্মক মানসিকতা এবং প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করার পুরস্কারই যেন এই গোল।

তবে পিছিয়ে থাকলেও বেলজিয়াম খুব একটা খারাপ খেলেনি। প্রথমার্ধে ৫১ শতাংশ বলের দখল ছিল ইউরোপের দলটির। সেনেগালের বক্সে ১৬ বার স্পর্শ করেছে তারা, পাশাপাশি নিয়েছে ৫টি শটও। কিন্তু কার্যকারিতার জায়গায় এগিয়ে ছিল সেনেগালই।

ফলে সিয়াটলে বিরতির বাঁশি বাজার সময় স্কোরবোর্ডে ১-০ ব্যবধানে এগিয়ে সেনেগাল, আর নকআউট পর্বের লড়াইয়ে এগিয়ে যাওয়ার স্বপ্নটাও আরও উজ্জ্বল হয়ে উঠেছে তাদের সামনে।

এইচজেএস