World Cup Football Field

বিজ্ঞাপন

৩ বছর বয়সেই একাডেমিতে! নিউইয়র্কে যেভাবে তৈরি হয় বিশ্বজয়ী ফুটবলার

৩ বছর বয়সেই একাডেমিতে! নিউইয়র্কে যেভাবে তৈরি হয় বিশ্বজয়ী ফুটবলার

ফ্রান্স-সুইডেন ম্যাচের পর নিউজার্সিতে পরবর্তী ম্যাচ ৫ জুলাই ব্রাজিল-নরওয়ের। দিন তিনেক বিশ্বকাপ ফুটবল ম্যাচ কাভারের ব্যস্ততা নেই। তাই নিউইয়র্কের ফুটবল সংস্কৃতি ও শেকড় খোঁজার চেষ্টা। 

পুরুষ বিশ্বকাপ ফুটবলে আমেরিকার সাফল্য না থাকলেও নারী ফুটবলে পাঁচটি বিশ্বকাপ ট্রফি ও অলিম্পিক স্বর্ণ রয়েছে। আমেরিকা জাতীয় ফুটবল দলের পাঁচ জন ফুটবলার নিউইয়র্কে অবস্থিত গোথাম গার্লস ফুটবল ক্লাবের। সেই ক্লাব দেখতেই সকালের পর রওনা।

টেক্সাস রাজ্যে এক শহরের নাম হিউস্টন থাকলেও নিউইয়র্কেও একটি জায়গার নাম হিউস্টন। সেই হিউস্টন মেট্রো স্টেশনের সামনেই একটা বিশাল ফুটবল মাঠ। সেই মাঠে গিয়ে গোথামের বিষয়ে জানতে গিয়ে পাওয়া গেল বিশেষ এক তথ্য, ডাউনটাউন ইউনাইটেড সকার ক্লাবের মাঠ গোথাম শীত ও বসন্তকালে ব্যবহার করে। গ্রীষ্মকালে অন্য জায়গায় অনুশীলন স্থগিত রাখে। এই টার্ফে অনুশীলন করে আমেরিকার হয়ে বিশ্বকাপ মাতিয়েছেন অনেক নারী ফুটবলার।

No description available.

তরুণী এক নারী কোচ একেবারে ক্ষুদে গ্রুপকে প্রশিক্ষণ দিচ্ছেন। শেখানোর ফাঁকে ফাঁকে বললেন, ‘গোথাম ক্লাব আমেরিকার নারী ফুটবল দলের অন্যতম পাইপলাইন। এখানে অনুশীলন করে অনেকে ক্লাবে সুযোগ পেয়েছে পরবর্তীতে ক্লাবের হয়ে অনুশীলন ও খেলে আমেরিকার জার্সি পরেছে।’

শীত প্রধান দেশ হলেও নিউইয়র্কে এখন বেশ গরম। দুপুর একটায় তীব্র গরমে ডাউনটাউনে একশর বেশি শিশুরা খেলাধুলায় ব্যস্ত। কেউ ফুটবল আবার কেউ বেসবল। বালকদের পাশাপাশি বালিকাও সংখ্যায় প্রায় সমান। অভিভাবকরাও পেশাগত ব্যস্ততার ফাঁকে কেউ বাচ্চা দিতে আসেন, আবার কেউ নিয়ে যান। ফিলিপাইন থেকে নিউইয়র্কে বাসিন্দা হওয়া এক মধ্যবয়সী নারী বলেন, ‘পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের খেলা প্রয়োজন। তাই আমার বাচ্চাসহ অনেক পরিবারের বাচ্চা এখানে খেলা ও শৃঙ্খলা শেখে।’

No description available.

বাংলাদেশ কিংবা উপমহাদেশে খেলাধুলার সঙ্গে বাচ্চাদের আনুষ্ঠানিক যোগাযোগ ঘটে ৭-৮ বছরের পরে। পেশাদার আঙ্গিকে সেটা বছর দশেক পর। আমেরিকার নিউইয়র্কে ৩-৪ বছরে বাচ্চারা একাডেমির সঙ্গে সম্পৃক্ত হয়। 

ডাউনটাউন ইউনাইটড ক্লাবের এক পরিচালক পেরুর নাগরিক রুস্তাভো। তিনি ক্লাবের ফুটবল কার্যক্রম সম্পর্কে বলেন, ‘৩-৪ বছর বয়স থেকে বাচ্চাদের এখানে ফুটবল শেখানো হয়। যাদের পরিবার ও বাচ্চা নিজে আগ্রহী তাদের বয়স ৭ হলে আমরা পেশাদার একাডেমিতে অন্তর্ভুক্ত করি। আর যারা পেশাদার নয় তারা আনন্দ ও সুস্বাস্থ্যের জন্য খেলা চলমান রাখে।’

অভিভাবকদের বাচ্চাদের ফুটবল শেখাতে খুব বেশি অর্থ খরচ করতে হয় না। মেধাবীদের বৃত্তির আওতায় আনে এই ক্লাব। ‘আমরা নন প্রফিট অর্গানাইজেশন, তাই এখানে বিভিন্ন মাধ্যমে অনুদান সংগ্রহ করা হয়। যারা মেধাবী প্রশিক্ষণার্থী তাদের জন্য বৃত্তি দেয়া হয়,’ বলেন রুস্তাভো। 

ক্ষুদেদের খেলা শেখানোর পাশাপাশি নিউইয়র্কের লিগে খেলে ডাউনটাউন ইউনাইটেড ক্লাব। নারী ও পুরুষ উভয় লিগে তাদের অংশগ্রহণ রয়েছে। লিগের খেলা তাদের এই ভেন্যুতেই হয়। নিচে টার্ফের পাশাপাশি ক্লাবের ছাদেও রয়েছে একাধিক টার্ফ। সেখানেও চলে অনুশীলন ও বাণিজ্যিক ব্যবহার। 

No description available.

আমেরিকায় ফুটবল এখনো সেভাবে জনপ্রিয় নয়। তাই সামাজিক দায়বদ্ধতা হিসেবে ডাউনটাউন ক্লাবকে বেসবলও শেখাতে হয়। বাচ্চাদের প্রশিক্ষণে গতকাল দেখা গেল অর্ধেক মাঠে বেসবল বাকি অর্ধেক ফুটবল। তরুণ ফুটবল প্রশিক্ষক ডেভিড বলেন, ‘এখানে বাচ্চারা স্বাধীন। কেউ ফুটবল ও বেসবল আবার কেউ দুটোই খেলে। খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য আমাদের এখানে দুই ব্যবস্থাই রয়েছে। যে যেটা গ্রহণ করে।’

এজেড/এফএইচএম