দেশের গণ্ডি পেরিয়ে এবার এশিয়ার মঞ্চে নাম লিখিয়েছে বাংলাদেশের নারী ক্লাব ফুটবল। এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬-২৭ মৌসুমে বাংলাদেশের প্রথম দল হিসেবে প্রতিনিধিত্ব করবে নারী লিগের বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস এফসি। নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে আগামী আগস্টে মালয়েশিয়ার পথে উড়াল দেবে তারা।
বৃহস্পতিবার এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি স্টেজের আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী, ‘এ’ গ্রুপে রাজশাহী স্টারসের প্রতিপক্ষ ভারতের ইস্ট বেঙ্গল, স্বাগতিক মালয়েশিয়ার সাবাহ এফএ এবং গুয়ামের রোভার্স এফসি।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে রাজশাহী স্টারস এফসি শুধু একটি ক্লাব হিসেবেই নয়, বরং বাংলাদেশের নারী ফুটবলের মর্যাদা ও সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার দায়িত্বও বহন করবে।
এএফসি উইমেন্স চ্যালেঞ্জ লিগে দেশের প্রথম প্রতিনিধি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নামছে নাবিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় পরিচালিত রাজশাহী স্টারস এফসি বাংলাদেশ নারী ফুটবল লিগের চ্যাম্পিয়ন দলটি।
আগামী ১৭ থেকে ২৩ আগস্ট মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এই গ্রুপের সব ম্যাচ। গ্রুপ পর্বে ভালো ফল করে মূল পর্বে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশের প্রতিনিধিরা।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ইতোমধ্যে আন্তর্জাতিক মানের প্রস্তুতি ও পরিকল্পনা গ্রহণ করেছে। দলটির টেকনিক্যাল স্টাফ, খেলোয়াড় ও ব্যবস্থাপনা আগামী কয়েক সপ্তাহে নিবিড় অনুশীলন, প্রীতি ম্যাচ এবং প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে প্রতিযোগিতার জন্য নিজেদের সর্বোচ্চভাবে প্রস্তুত করবে।
ড্র-পরবর্তী রাজশাহী স্টারসের প্রেসিডেন্ট মোখছেদুল কামাল বাবু বলেন, ‘আমরা রাজশাহী স্টারস হিসেবে নয়, বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাঠে নামবো। দেশের সম্মান রক্ষায় সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করাই আমাদের অঙ্গীকার।’
তিনি আরও বলেন, ‘এই অংশগ্রহণ বাংলাদেশের নারী ফুটবলের আন্তর্জাতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের নারী ফুটবলারদের জন্য নতুন অনুপ্রেরণার দরজা উন্মোচন করবে।’
এসএইচ/আইএইচ
