World Cup Football Field

বিজ্ঞাপন

নরওয়ের বিপক্ষে খেলতে পারবেন রাফিনহা?

নরওয়ের বিপক্ষে খেলতে পারবেন রাফিনহা?

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলতে শেষ ষোলোতে নরওয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। বাংলাদেশ সময় আগামী ৬ জুলাই রাত ২টায় লড়াইয়ে নামবে উভয় দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুশ্চিন্তার কারণ উইঙ্গার রাফিনহা। নরওয়ের বিপক্ষে তাকে পাওয়া যাবে কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ইনজুরিতে পড়েন বার্সা তারকা রাফিনহা। ডান উরুর চোটে ভুগছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর থেকেই পুরোপুরি পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি। ফলে নকআউট ম্যাচের আগে টানা তিন দিন দলের মূল অনুশীলনে তাকে দেখা যায়নি।

বুধবার ব্যক্তিগত অনুশীলনে নামলেও বেশিক্ষণ মাঠে ছিলেন না এই ফরোয়ার্ড। ফলে তার ফিটনেস নিয়ে কিছুটা আশার ইঙ্গিত দিলেও এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন বলেই ধারণা করা হচ্ছে। ব্রাজিলের কোচিং স্টাফ ও মেডিকেল টিম তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

জানা গেছে, নরওয়ের বিপক্ষে ম্যাচে তাকে খেলানো হবে কি না, সে সিদ্ধান্ত একেবারে শেষ মুহূর্তে নেওয়া হবে। তার ফিটনেস শতভাগ সন্তোষজনক না হলে ঝুঁকি না নেওয়ার পক্ষেই থাকবে টিম ম্যানেজমেন্ট।

এদিকে রাফিনহা অনুপস্থিত থাকলেও মঙ্গলবারের অনুশীলনে ছিলেন না রায়ান। তবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন নিশ্চিত করেছে, এটি কোনো ইনজুরির কারণে নয়। মূলত ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

অন্যদিকে লুকাস পাকেতার অবস্থাও এখনও অনিশ্চিত। জাপানের বিপক্ষে ম্যাচে উরুর চোট পাওয়ার পর থেকে তিনি মাঠের বাইরে আছেন। তার ফেরার সময় নিয়ে এখনো কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি ব্রাজিল টিম ম্যানেজমেন্ট।

আইএইচ