বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় ম্যাচ পর্তুগাল-ক্রোয়েশিয়া। রোনালদো কিংবা মদ্রিচের মধ্যে একজন বিশ্বকাপের লড়াই থেকে বাদ পড়বেন। এই দ্বৈরথ দেখতে টরেন্টো স্টেডিয়ামে হাজির হয়েছেন বাংলাদেশের একাধিক ফুটবলার।
জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড মামুন জোয়ার্দার অনেক দিন থেকেই কানাডা প্রবাসী। কানাডা বিশ্বকাপের স্বাগতিক হওয়ায় খেলা দেখা ইচ্ছে ছিল। নক আউটের টিকিট পেয়েছেন অনেক চেষ্টার পর। সেই ম্যাচ যে মদ্রিচ ও রোনালদো দ্বৈরথ হবে ভাবেননি আগে, 'পর্তুগাল গ্রুপে দ্বিতীয় হওয়ায় এখানে খেলা পড়েছে। অনেকটা সৌভাগ্যবান এ রকম ম্যাচ দেখতে পারছি।'
জাতীয় দলের আরেক সাবেক তারকা ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকীবও আছেন টরেন্টা স্টেডিয়ামে। আমেরিকা ও কানাডা উভয় দেশে বিশ্বকাপ উপভোগ করার লক্ষ্য ছিল তার। গ্রুপের মারপ্যাঁচে এমন ম্যাচ দেখতে পেরে খুব উচ্ছ্বসিত মোহামেডানের ম্যানেজার, 'খুব কাছ থেকে রোনালদো-মদ্রিচের ওয়ার্ম আপ দেখছি। এরপর খেলা দেখব, আসলেই অন্য রকম অনুভূতি।'

নকীব ও মামুন জোয়ার্দারের পাশাপাশি আরো দুই সাবেক ফুটবলার শহীদ হোসেন স্বপন ও আতাও আজকের ম্যাচ দেখছেন। বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের বাইরেও অন্য দেশের সাবেক ও তারকা ফুটবলার বিশ্বকাপ ম্যাচ উপভোগ করতে আসেন। বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুইয়া জাপান-ব্রাজিল ম্যাচ দেখেছেন। জাতীয় দলের আরেক তারকা ফুটবলার শেখ মোরসালিন আর্জেন্টিনার ম্যাচ দেখবেন।
এজেড/এইচজেএস

