দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়িয়েছিল ক্রোয়েশিয়া। তারই পুরস্কার পেল তারা ৫৩ মিনিটে। ইভান পেরিসিচের গোলে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে লুকা মদরিচের দল।
এর আগে ৪৮ মিনিটেই গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ক্রোয়েশিয়া। বক্সের ভেতরে প্রতিপক্ষের চাপ সামলে মাতেও কোভাচিচ নিচু শটে গোলের চেষ্টা করেন। বলটি এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে সাইড নেটে আঘাত হানলে মুহূর্তের জন্য উল্লাসে ফেটে পড়েছিলেন ক্রোয়েশিয়ার সমর্থকেরা। তবে গোলের বাঁশি বাজেনি।
পাঁচ মিনিট পর আর হতাশ হতে হয়নি তাদের। দ্রুত নেওয়া একটি থ্রো-ইন থেকে আক্রমণ গড়ে তোলে ক্রোয়েশিয়া। ইয়োসিপ স্তানিশিচের বাড়ানো বল বক্সের ভেতর পেয়ে যান ইভান পেরিসিচ। অভিজ্ঞ এই উইঙ্গার কোনো ভুল না করে বাঁ পায়ের নিখুঁত শটে বল পাঠিয়ে দেন জালে।
গোলটি যেন দ্বিতীয়ার্ধে ক্রোয়েশিয়ার বদলে যাওয়া মানসিকতারই প্রতিফলন। বিরতির পর অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলছে তারা। আর সেই আক্রমণের ধারেই মিলেছে কাঙ্ক্ষিত লিড।
এইচজেএস

