World Cup Football Field

বিজ্ঞাপন

আর্জেন্টিনার কাছে ‘আত্মসমর্পণ’ করবে না কেপ ভার্দে

আর্জেন্টিনার কাছে ‘আত্মসমর্পণ’ করবে না কেপ ভার্দে

বিশ্বকাপ তো বটেই সম্ভবত নিজেদের ফুটবল ইতিহাসে অন্যতম বড় পরীক্ষার মুখে দাঁড়িয়ে এবারের আসরের ‘সারপ্রাইজ প্যাকেজ’ কেপ ভার্দে। রাউন্ড অব বত্রিশের ম্যাচে আগামীকাল ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তারা মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। বিশ্বের অন্যতম ফুটবল পরাশক্তিদের বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচের শেষ মুহূর্ত পর্যান্ত লড়ে যাওয়ার কথা বললেন কেপ ভার্দে কোচ পেদ্রো লেইতাও ব্রিতো, ফুটবল বিশ্ব ‘বুবিস্তা’ নামেই যাকে চেনে। 

প্রতিপক্ষ কেপ ভার্দেকে বেশ গুরুত্বের সঙ্গেই দেখছে আর্জেন্টিনা। অবশ্য এটা কেবল ‘ভদ্রতা’ না। প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই গ্রুপপর্বে কোনো ম্যাচ হারেনি মাত্র সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার এই দ্বীপরাষ্ট্রটি। কেপ ভার্দে কোচও বললেন, এখন আর প্রতিপক্ষরা আমাদের দুর্বল দল হিসেবে দেখে না। তার মতে, এই সম্মান দলটি নিজেদের পারফরম্যান্স দিয়েই অর্জন করেছে।

বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই কেপ ভার্দে কোচ বলেন, ‘আমার মনে হয় আমরা এই সম্মানটা (বড় দলগুলোর কাছ থেকে) অর্জন করে নিয়েছি।’

গ্রুপ পর্বে স্পেনের পরে দ্বিতীয় হয়ে নকআউটে ওঠে কেপ ভার্দে। সৌদি আরব ও উরুগুয়েকে পেছনে ফেলে তারা অপরাজিত থেকেই শেষ বত্রিশ নিশ্চিত করেছে। সামনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা, সেই বাস্তবতাও টের পাচ্ছেন বুবিস্তা। সেই সঙ্গে আত্মবিশ্বাসীও তিনি। 

তিনি বলেন, ‘আমরা জানি, এটা খুব কঠিন ম্যাচ হবে। আর্জেন্টিনা এমন একটি দল, যারা যে কোনো প্রতিপক্ষকে হারাতে পারে। কিন্তু আমাদেরও সেরাটা খেলতে হবে এবং প্রতিপক্ষকে ঘায়েল করার সুযোগ খুঁজতে হবে।’

কেপ ভার্দের কোচের মতে, শক্ত রক্ষণই হবে দলের অন্যতম ভরসা। তবে শুধু রক্ষণে আটকে থাকলে চলবে না, সুযোগ পেলেই আক্রমণেও যেতে হবে। ‘পুরো ম্যাচজুড়ে আমরা চাই খেলোয়াড়রা আত্মবিশ্বাস ধরে রাখুক। সব সময় সেটা সহজ নয়, কিন্তু বিভিন্ন প্রতিযোগিতায় আমরা দেখিয়েছি, কঠিন পরিস্থিতিতেও ভালো খেলতে পারি,’ বলেন বুবিস্তা।

আফ্রিকার কয়েকটি দল শেষ দিকে গোল হজম করে বিদায় নেওয়ার বিষয়টিও মনে করিয়ে দেন তিনি। তাই শেষ বাঁশি পর্যন্ত একই মানসিকতা ধরে রাখার ওপর জোর দিয়েছেন কেপ ভার্দে কোচ। তিনি বলেন, ‘খেলোয়াড়দের আমরা সব সময় মানসিকভাবে প্রস্তুত রাখার চেষ্টা করি। অনেকেই ভাবেন, যখন এক দল স্পষ্ট ফেভারিট, তখন অন্য দল হয়তো আত্মসমর্পণ করবে। কিন্তু আমরা সেটা করতে মাঠে নামছি না।’

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের বিজয়ী শেষ ষোলোতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও মিশরের মধ্যকার ম্যাচের জয়ী দলের। 

এফআই