কেপ ভার্দের হয়তো আর হারানোর কিছু নেই। দু’বারই তারা পিছিয়ে পড়ার পরই সমতায় ফিরতে মরিয়া ছিল। আর তাতে সফলতাও পেয়েছে। ৯১ মিনিটে আর্জেন্টিনার স্কোরলাইন ২-১ করেছিলেন লিসান্দ্রে মার্টিনেজ। ১০৩ মিনিটে সেই গোল শোধ করেছেন কেপ ভার্দের সিডনি ক্যাব্রাল।
বাঁ প্রান্তে বল পেয়ে তিনি ভেতরের দিকে কাট করেন। ফিরতি বল পেয়ে ডান পায়ে দুর্দান্ত এক বাঁকানো শট নিয়েই যেন অবাক করা দৃশ্যের জন্ম দিলেন ক্যাব্রাল। হয়তো বলটি এভাবে ফাঁকি দেবে ধারণাও ছিল না এমি মার্টিনেজের। বল গিয়ে দূরের ওপরের পোস্টে জড়াতেই ক্যাব্রাল প্রবল উচ্ছ্বাসে গ্যালারিতে থাকা পরিবারের কাছে ছুটে যান। যেন অবিস্মরণীয় মুহূর্তটি ভাগাভাগি করলেন কাছের মানুষদের সঙ্গে।
এর আগে ৯১ মিনিটে আর্জেন্টিনাকে লিড এনে দিয়েছিলেন লিসান্দ্রো মার্টিনেজ। কর্নার থেকে উড়ে আসা বল আরেকজনের স্পর্শ পেয়ে একপাশে ফাঁকায় থাকা লিসান্দ্রো পেয়ে যান। হয়তো ধারণা ছিল তিনি ক্রস করবেন, কিন্তু তা না করে দুরূহ কোণ থেকে জোরালো শটে ভোজিনহাকে বোকা বানিয়ে জাল কাঁপিয়েছেন।
দারুণ দ্বৈরথ শেষে ৯০ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ১-১। যদিও আর্জেন্টিনা লিওনেল মেসির অসাধারণ এক ফিনিশিংয়ে লিড পায় ২৮ মিনিটে। নিজেদের রক্ষণ থেকে বাড়ানো লম্বা পাসে বলের যোগানটা দিয়েছিলেন লিসান্দ্রো। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে মরিয়া ছিল কেপ ভার্দে। ৫৯ মিনিটে রায়ান মেন্দেস ডান প্রান্ত দিয়ে বল বাড়ালে ডেরয় দুয়ার্তে ফাঁকা জায়গা দিয়ে দৌড়ে দুর্দান্ত এক শটে এমিলিয়ানো মার্টিনেজের পায়ের নিচ দিয়ে বল জালে জড়ান।
এএইচএস

