মায়ামির হার্ড রক স্টেডিয়ামে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কষ্টসাধ্য জয় পেয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির গোলে পিছিয়ে পড়া কেপ ভার্দে সমতা ফেরায় দুয়ার্তের লক্ষ্যভেদী শটে। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ফের এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু কেপ ভার্দে তাদের অন্যতম তারকা সিডনি লোপেসের অবিশ্বাস্য গোলে সমতা ফেরায়, যার প্রশংসা করেছেন আর্জেন্টিনার কোচ ও গোলকিপারও।
কোচ লিওনেল স্কালোনি জানালেন, তারা লোপেসকে নিয়ে পর্যবেক্ষণ করলেও তাকে থামাতে পারেননি। গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ বললেন, ‘পৃথিবীর বাইরের’। ওই গোলের পর রোমেরো আর্জেন্টিনাকে এগিয়ে দেন। শেষ দিকে আরও কয়েকবার আর্জেন্টিনার ডি বক্সে ত্রাস ছড়ায় কেপ ভার্দে। এক শ্বাসরুদ্ধকর সমাপ্তির ম্যাচে তাদের ফুল ব্যাকের দুর্দান্ত গোলটি চোখে লাগার মতো। আফ্রিকান দলটি ২-২ সমতায় ফেরে। লোপেস ডি বক্সের পাশে বল পেয়ে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে কাটিয়ে কোণাকুণি এক রকেট শট নেন, যা দিবু মার্টিনেজের পক্ষে আটকানো অসম্ভব ছিল।

ওই গোলের পর লোপেস নিজে তো বটেই, তার সতীর্থরা হতবাক হয়ে মাথায় হাত দেন। পর্তুগালের বেনফিকায় খেলা এই ২৩ বছর বয়সী ডিফেন্ডার গোল করেই দৌড় দেন গ্যালারির দিকে, সেখানে তার বান্ধবীকে জড়িয়ে ধরে গোলটি উদযাপন করেন।
লোপেসের গোল নিয়ে স্কালোনির অভিমত, ‘এটি একটি অবিশ্বাস্য গোল। এটা সত্যি যে আমরা তাকে ভেতরে ঢুকে ডান পা দিয়ে শট নিতে দেখেছি, কিন্তু আপনি যতই দেখুন না কেন, যদি সে বলটা জালে জড়াতে পারে, তবে তা অসম্ভব।’ যার এই গোল ঠেকানোর কথা, সেই মার্টিনেজও এর প্রশংসা করে বলেন, ‘তারা ভিনগ্রহের একটি গোল করেছে।’
এফএইচএম

