বিশ্বকাপ চলাকালীন যুক্তরাষ্ট্রের ডালাসে মিসর ফুটবল দলের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এক ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দলটির অভিযোগ, ডালাসের পুলিশ কর্মকর্তা তাদের টিম ডিরেক্টর ইব্রাহিম হাসান, ফুটবলার ত্রেজেগে এবং এক ভক্তকে ধাক্কা দিয়েছেন। শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নামার আগে টিম হোটেলে এমন ঘটনা ঘটেছে।
মিসর জাতীয় দলের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ মোরাদ জানিয়েছেন, হোটেলে এক ব্যক্তি ও তার সন্তান টিম ডিরেক্টর ইব্রাহিম হাসান ও ফুটবলার ত্রেজেগের সঙ্গে ছবি তোলার অনুরোধ করেন। অনুমতি পাওয়ার পর তারা ছবি তোলার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই এক নিরাপত্তা কর্মকর্তা হস্তক্ষেপ করেন এবং ওই ভক্তসহ ত্রেজেগে ও ইব্রাহিম হাসানকে ধাক্কা দেন।
মোরাদের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট খেলোয়াড় ও কর্মকর্তারা নির্ধারিত এলাকাতেই ছিলেন এবং কোনো নিয়ম ভঙ্গ করেননি। ঘটনার পর ইব্রাহিম হাসান নিরাপত্তা কর্মকর্তাকে অনুরোধ করেন যেন ভক্তদের সঙ্গে স্বাভাবিক আচরণ করা হয়।
— AJE Sport (@AJE_Sport) July 3, 2026
এদিকে ডালাস পুলিশ বিভাগ (ডিপিডি) এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও তারা দেখেছে যে তাদের এক কর্মকর্তাকে জড়িত করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা যায়। পুলিশের দাবি, বৈধ অ্যাক্রেডিটেশন ছাড়া এক ব্যক্তি সেখানে প্রবেশের চেষ্টা করায় এমন পরিস্থিতি তৈরি হয়।
হোটেল নিরাপত্তার অনুরোধে ওই স্থানে উপস্থিত হয়েছিলেন ডালাস পুলিশ। এরপরই মিসরের টিম ডিরেক্টর ইব্রাহিম হাসানের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পরবর্তীতে জানা যায়, সংশ্লিষ্ট ব্যক্তিদের বৈধ অ্যাক্রেডিটেশন ছিল না, যা ওই এলাকায় প্রবেশের জন্য বাধ্যতামূলক। পরে ঘটনাস্থলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বিষয়টি মিসর দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হয় বলে জানায় ডালাস পুলিশ।
আইএইচ

