বিশ্বকাপে থাকে বিচিত্র সব গল্প। গতকাল আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ দেখতে নিউইয়র্কের হার্ডসন ইয়ার্ডে বিচিত্র এক স্থাপত্য দেখা গেল। ফ্যান জোনের স্ক্রিনের আগে একটা স্থাপনা। চার দিকে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা দিয়ে সাজানো।
ইট-পাথরের কিংবা সিমেন্টের কোনো বিল্ডিং নয়। আলাদাভাবে জোড়া দিয়ে দিয়ে কয়েক তলা সুউচ্চ এই স্থাপনা করা হয়েছে। প্রতি তলায় বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা রয়েছে। বাইরে থেকে দেখতে অপূর্ব সুন্দর। ফুটবলপ্রেমী ও দর্শনার্থীদের ছবি তোলার হিড়িক।
হার্ডসন ইয়ার্ডে খেলা দেখতে আসা ফুটবলপ্রেমীরা একটু আগেভাগে আসেন। যেন বিশেষভাবে নির্মিত এই স্থাপনায় দাঁড়িয়ে শহর ভিন্ন রুপে দেখা যায়। এজন্য অবশ্য প্রাপ্তবয়স্ক প্রত্যেককে ১০ ডলার করে গুণতে হবে। ৫ বছরের কম বাচ্চাদের জন্য সেটা অর্ধেক।

হার্ডসন ইয়ার্ডের ফ্যান জোন খুব বেশি বড় নয়। পর্দার সামনে চেয়ার ও বেঞ্চে বসে কয়েকশ জন খেলা দেখতে পারেন। পাশে রয়েছে বাচ্চাদের জন্য খেলার জায়গা। বাচ্চাদের হলেও বড়রাও খেলায় ব্যস্ত থাকেন।
স্ক্রিনের সামনে বড় রাস্তা। সেই রাস্তায় দাঁড়িয়ে কিংবা বসে খেলা দেখেন হাজার জনেক। রাস্তার এক পাশ দিয়ে বড় বেঞ্চ সাটানো। সেখানে বসে কিংবা শুয়ে খেলা দেখার সুযোগও আছে। বেঞ্চের সাথে সবুজ গাছ থাকায় খানিকটা প্রশান্তির বাতাস থাকে।
খেলা দেখা, পতাকা দিয়ে সাজানো স্থাপত্যের পাশাপাশি বাণিজ্যিক কাজও আছে। ফিফা শো রুম রয়েছে এই প্রাঙ্গণেই। ফুটবলপ্রেমীরা তাদের চাহিদা ও পছন্দমতো বল, মগ কিংবা বিশ্বকাপের সুভ্যেনির নির্ধারিত মূল্যে কিনতে পারেন।
এজেড/এফএইচএম

