World Cup Football Field

বিজ্ঞাপন

এক্সপ্লেইনার

টাইব্রেকারের আগে ল্যাপটপে এমবাপের ভিডিও দেখে যেভাবে বাজিমাত মিশরের

টাইব্রেকারের আগে ল্যাপটপে এমবাপের ভিডিও দেখে যেভাবে বাজিমাত মিশরের

বিশ্বকাপের নকআউট পর্বে প্রথমবারের মতো জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে মিশর। অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইব্রেকার শুরুর ঠিক আগমুহূর্তে মিশরীয় ফুটবলারদের একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। 

ডাগআউটে কোচিং স্টাফদের সঙ্গে একটি ল্যাপটপ স্ক্রিনের চারপাশে গোল হয়ে গভীর মনোযোগ দিয়ে কিছু একটা দেখছিলেন মোহাম্মদ সালাহরা। অনেকেরই কৌতূহল ছিল পেনাল্টি শুটআউটের ঠিক আগমুহূর্তে কী এমন দেখছিলেন তারা?

মিশরের অ্যানালিস্টদের উপস্থিত কৌশল

গোল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, টাইব্রেকার শুরুর আগমুহূর্তে মিশরের ফুটবলাররা রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের একটি পেনাল্টির ভিডিও দেখছিলেন। তবে মূল লক্ষ্য ফরাসি তারকা ছিলেন না, আসলে গোলপোস্টের নিচে দাঁড়ানো অস্ট্রেলিয়ার বদলি গোলরক্ষক ম্যাট রায়ানকে নিয়েই পর্যালোচনা করছিলেন। 

ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে ১২০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার ঠিক মিনিট খানেক আগে অস্ট্রেলিয়ার কোচ এক কৌশল অবলম্বন করেন। অজি দলের মূল গোলরক্ষক প্যাট্রিক বিচকে উঠিয়ে ‘টাইব্রেকার স্পেশালিস্ট’ হিসেবে মাঠে নামান ম্যাট রায়ানকে। উদ্দেশ্য হয়তো মিশরকে সিলেবাসের বাইরের প্রশ্নে বিভ্রান্ত করা। 

মিশরের অ্যানালিস্টরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে ডাগআউটেই ল্যাপটপ খুলে বসেন। ঘাঁটাঘাঁটি করে চলতি বছরের ১৭ জানুয়ারি লা লিগায় রিয়াল মাদ্রিদ বনাম লেভান্তের ম্যাচের একটি ক্লিপ বের করেন। যেখানে ৫৮ মিনিটে ম্যাট রায়ানের মুখোমুখি হয়েছিলেন কিলিয়ান এমবাপে।

কেন দেখা হয় ওই ভিডিও ক্লিপ?

অস্ট্রেলিয়ান গোলরক্ষক ম্যাট রায়ানের একটি চেনা কৌশল হচ্ছে পেনাল্টি শট নেওয়ার আগমুহূর্তে তিনি গোললাইনে দাঁড়িয়ে শরীর দুলাতে থাকেন, যাতে করে যিনি পেনাল্টি শট নেবেন তিনি  মনোযোগ হারিয়ে বিভ্রান্ত হন।

ভিডিওতে দেখা যায়, এমবাপে রায়ানের এই নাচানাচিতে বিভ্রান্ত না হয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় শট নেন এবং রায়ানকে ভুল দিকে পাঠিয়ে বল জালে জড়ান। গোল করার পর এমবাপে রায়ানের সেই নাচের ভঙ্গি নকল করে উদযাপনও করেছিলেন।

মিশরের টেকনিক্যাল স্টাফরা দলের ফুটবলারদের মূলত দুটি জিনিস দেখাতে চেয়েছিলেন। প্রথমত, ম্যাট রায়ানের শরীর দোলানোর গতিবিধি এবং তিনি সাধারণত কোন দিকে ডাইভ দিতে পছন্দ করেন। দ্বিতীয়ত, রায়ানের এই মনস্তাত্ত্বিক খেলা বা 'মাইন্ড গেম' কীভাবে সম্পূর্ণ উপেক্ষা করে ঠান্ডা মাথায় দ্রুত শট নিখুঁতভাবে শেষ করতে হয়।

এই তাৎক্ষণিক হোমওয়ার্কের ফলও মেলে হাতেনাতে। মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহ যখন প্রথম পেনাল্টি নিতে যান, তিনি ঠিক এমবাপের মতোই ঠান্ডা মাথায় ম্যাট রায়ানকে বিভ্রান্ত করে চিপ শটে (পেনেনকা) গোল করেন। ল্যাপটপে রায়ানের গতিবিধি আগেই 'ডিকোড' করে ফেলায় মিশরীয়দের একটি শটও ঠেকাতে পারেননি রায়ান।

অস্ট্রেলিয়ার হ্যারি সুটার ও লুকাস হ্যারিংটন শট মিস করলে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে শেষ ১৬-র টিকিট নিশ্চিত করে মিশর। আগামী ৮ জুলাই কোয়ার্টার ফাইনালে ওঠার মহালড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে সালাহর দল।

এফআই