কেপ ভার্দেকে ৩-২ গোল ব্যবধানে হারিয়ে আর্জেন্টিনার সেরা ষোলোতে উঠার চেয়ে বেশি আলোচনা হচ্ছে ম্যাচ পরবর্তী এক দৃশ্য। ম্যাচ শেষে ইন্টারভিউ দেওয়ার সময় লিওনেল মেসি আর্জেন্টাইন নারী সাংবাদিক সোফি মার্টিনেজের সঙ্গে আলিঙ্গন করে শুভেচ্ছা জানান। শুধু তাই নয়, মেসির মুখে শোনা যায় এক মজার মন্তব্যও। যা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
সোফি মার্টিনেজের সঙ্গে আলিঙ্গনের পর মেসি বলেন, ‘এরপরও তারা বলবে যে, আমি তোমাকে শুভেচ্ছা জানাই না। আমি যদি তোমার দিকে তাকাই, তারা বলে আমি নাকি আসলে তাকাইনি। এখন আমি যদি তোমার দিকে তাকাই, তার মানে আমি তাকাচ্ছি। আর যদি শুভেচ্ছা জানাই, তবে তার মানে আমি শুভেচ্ছা জানাচ্ছি।’
মেসির এমন আচমকা মন্তব্য শুনে সোফি নিজেও হেসে ফেলেন এবং পরিস্থিতি সামলে নিয়ে বলেন, ‘আপনার এই কথার জন্য ধন্যবাদ। এবার চলুন আমরা যা সবচেয়ে ভালো পারি সেই কাজে ফিরে যাই।’ এরপর তিনি ম্যাচ নিয়ে পেশাদার প্রশ্ন শুরু করেন।
— MF (@MundoFamososOk) July 4, 2026
ফুটবল ভক্ত এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী, মেসির এই নাটকীয় ও কৌতুকপূর্ণ আচরণের পেছনে ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের দুজনকে নিয়ে করা কিছু নোংরা মন্তব্যের জবাব।
কাতার বিশ্বকাপের সময় থেকেই সোফি মার্তিনেজের নেওয়া মেসির কিছু আবেগঘন সাক্ষাৎকার বেশ জনপ্রিয় হয়েছিল। কিন্তু গত কয়েক মাসে কিছু সোশ্যাল মিডিয়াতে তা গুজব ছড়াতে শুরু করে। দাবি করা হয়, মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো নাকি সোফিকে ঈর্ষা করেন এবং সোফি যাতে আর্জেন্টিনার কোনো খেলোয়াড়ের কাছাকাছি আসতে না পারেন, সেই নিষেধাজ্ঞা জারি করেছেন।
লিওনেল মেসি সাধারণত মাঠের বাইরের বিতর্ক এড়িয়ে চলেন। কিন্তু এবার তিনি নিজেই সোফি মার্তিনেজের মুখোমুখি হয়ে ক্যামেরার সামনে রসিকতা করলেন। এর মাধ্যমে মেসি পরিষ্কার বুঝিয়ে দিলেন, এসব গুজবের কোনো ভিত্তি নেই এবং দলের ড্রেসিংরুম বা তার ব্যক্তিগত জীবনে এই ভুয়া খবরের কোনো প্রভাব পড়েনি।
এমএমএম/
