হারলেই বাদ সমীকরণের সামনে অবস্থান করছে ১৬টি দল। আর জিতলেই উঠে যাবে কোয়ার্টার ফাইনালে, বেঁচে যাবে শিরোপা জয়ের স্বপ্ন। এমনই সমীকরণের সামনে দাঁড়িয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আর্লিং হালান্ডের নরওয়ে। ম্যাচটি শুরু হবে রবিবার দিবাগত রাত ২টায়।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেলেসাও শিবিরে সবচেয়ে বড় খবর বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহার দলে ফেরা। তবে স্বস্তির খবরের পাশাপাশি আছে বড় ধাক্কাও। চোটের কারণে বিশ্বকাপ থেকেই কার্যত ছিটকে গেছেন মিডফিল্ডার লুকাস পাকেতা।
এদিকে রাফিনহা অনুশীলনে ফিরলেও এখনও পুরোপুরি ফিট নন বলেই জানিয়েছে ব্রাজিলের গণমাধ্যম। শুক্রবার গণমাধ্যমের জন্য উন্মুক্ত থাকা প্রথম ১৫ মিনিটে রাফিনহাকে কেবল গা গরম ও হালকা অনুশীলনে অংশ নিতে দেখা গেছে।
দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, নরওয়ের বিপক্ষে রোববারের ম্যাচে খেলতে পারবেন না রাফিনহা। তবে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠলে ১১ জুলাই মায়ামির সেই ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী চিকিৎসকরা। রাফিনহার পাশাপাশি কোচ কার্লো আনচেলত্তির অনুশীলন শিবিরে ফিরেছেন রায়ানও। ধকল সামলাতে বৃহস্পতিবারের অনুশীলনে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে।
তবে ব্রাজিলের জন্য বড় দুশ্চিন্তা লুকাস পাকেতার ইনজুরি। জাপানের বিপক্ষে ম্যাচে বাঁ ঊরুর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন ফ্লামেঙ্গোর এই মিডফিল্ডার। ২০২৬ বিশ্বকাপে তার আর মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে।
পাকেতা ছিটকে যাওয়ায় এখন বড় প্রশ্ন- নরওয়ের বিপক্ষে তার জায়গায় শুরুর একাদশে কে থাকছেন? আনচেলত্তির সামনে এখন তিনটি বিকল্প- এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি কিংবা দানিলো।
আগামীকাল রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। এই ম্যাচের জয়ী দল আগামী ১১ জুলাই মায়ামিতে শেষ আটের লড়াইয়ে মেক্সিকো অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে।
নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ
অ্যালিসন বেকার (গোলরক্ষক), দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালেস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, দানিলো সান্তোস/মার্তিনেল্লি, রায়ান, ম্যাথিউস কুনহা এবং ভিনিসিয়ুস জুনিয়র।
এফআই/এমএমএম

