কেপ ভার্দের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার ৩-২ ব্যবধানের শ্বাসরুদ্ধকর ও নাটকীয় জয় শুধু সাধারণ ফুটবল ভক্তদেরই নয়, খোদ বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতিকেও স্নায়ুচাপে ফেলে দিয়েছিল! ম্যাচ শেষে খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্বীকার করেছেন যে, আর্জেন্টিনার এই কঠিন বাঁচা-মরার লড়াইয়ে ভিআইপি বক্সে বসে তিনিও টেনশনে ছিলেন।
তবে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ অভিভাবক হিসেবে এমন পক্ষপাতমূলক কথা বলার ঠিক পর মুহূর্তেই নিজের ভুল বুঝতে পারেন তিনি এবং দ্রুত ভোল বদলে নিজেকে নিরপেক্ষ দাবি করেন!
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় ইনফান্তিনো গণমাধ্যমের সামনে আর্জেন্টিনার প্রতি তার সহানুভূতি প্রকাশ করে ফেলেন। তিনি বলেন, ‘আজকের রাতে আর্জেন্টিনার এই কঠিন লড়াই দেখে আমি নিজেও টেনশনে ছিলাম।’
কিন্তু বাক্যটি শেষ করার আগেই নিজের পদের মর্যাদা ও রাজনৈতিক গুরুগাম্ভীর্যের কথা মনে পড়ে যায় ফিফা সভাপতির। একজন ফিফা প্রেসিডেন্ট হিসেবে কোনো নির্দিষ্ট দলের পক্ষে কথা বলা যে টুর্নামেন্টের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে- তা বুঝতে পেরে তিনি মাঝপথেই নিজের কথা সংযত করেন।
পরক্ষণে তিনি বলেন, ‘না, মানে... আমি আসলে বলতে চাচ্ছি, ফিফা সভাপতি হিসেবে আমি সম্পূর্ণ নিরপেক্ষ। আমি তো দুই দলের চমৎকার ফুটবল উপভোগ করছিলাম।’
তবে ফিফা সভাপতির এই ভিডিওটি সত্য কি না তা নিয়ে রয়েছে বিতর্ক। তবে কৃত্তিম বুদ্ধিমতার মাধ্যমে ফ্যাক্ট চেকে ভিডিওটিকে সরাসরি ভুয়া বলে উড়িয়ে দেওয়া যায়নি। কেননা সাবলীলভাবে স্প্যানিশ বলতে পারেন তিনি। আর কণ্ঠস্বরে অসঙ্গতিও মেলেনি।
তবে ভাইরাল হওয়া ভিডিও ক্লিপটি আংশিক। এতে পুরো বক্তব্যটি নেই। আবার আশেপাশে কোনো মানুষের আনাগোনাও নেই। তাই ভিডিওর উৎস এবং প্রেক্ষাপট নিয়েও প্রশ্ন দেখা দিচ্ছে।
এমএমএম/
