World Cup Football Field

বিজ্ঞাপন

এক বিশ্বকাপে দুইবার আত্মঘাতী গোল করে অনাকাঙ্ক্ষিত রেকর্ড হানির

এক বিশ্বকাপে দুইবার আত্মঘাতী গোল করে অনাকাঙ্ক্ষিত রেকর্ড হানির

মোহামেদ হানি বলটি জালে পাঠানোর মুহূর্তে হয়তো ভেবেছিলেন, দলকে বড় বিপদ থেকে বাঁচিয়েছেন। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝতে পারলেন, ইতিহাসে তার নাম উঠতে যাচ্ছে এক অনাকাঙ্ক্ষিত কারণে। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে আত্মঘাতী গোল করে বিশ্বকাপের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছেন মিশরের এই ডিফেন্ডার। তবে এটি এমন এক রেকর্ড, যা কোনো ফুটবলারেরই নিজের করে নিতে চাওয়ার কথা নয়।

শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচের ৫৫তম মিনিটে ফ্রি-কিক থেকে উড়ে আসা বলে সবার চেয়ে উঁচুতে লাফিয়ে ওঠেন হানি। কিন্তু তার নেওয়া হেডটি প্রতিপক্ষের জালে নয়, গিয়ে জড়ায় নিজের দলের জালে। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। এই আত্মঘাতী গোলের মধ্য দিয়ে বিশ্বকাপের ইতিহাসে একাধিকবার নিজের জালে বল জড়ানো প্রথম ফুটবলার হয়ে গেলেন ৩০ বছর বয়সী এই ডিফেন্ডার।

চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে বেলজিয়ামের বিপক্ষে মিশরের ১-১ গোলে ড্র করা ম্যাচেও আত্মঘাতী গোল করেছিলেন হানি। সেদিন বেলজিয়ামের একমাত্র গোলটি এসেছিল তার পা থেকেই। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে অনাকাঙ্ক্ষিত এক ইতিহাসের অংশ হয়ে গেলেন তিনি।

বিশ্বকাপের ইতিহাসে এর আগে আরও ৬৫ জন ফুটবলার আত্মঘাতী গোল করেছেন। তবে তাদের কেউই একাধিকবার নিজের জালে বল জড়াননি। সেই হিসেবে হানিই এখন এই তালিকার একমাত্র ফুটবলার।

হানির আত্মঘাতী গোলটি আরেকটি রেকর্ডও এনে দিয়েছে ২০২৬ বিশ্বকাপকে। চলতি আসরে এখন পর্যন্ত আত্মঘাতী গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১৪তে, যা বিশ্বকাপের একক কোনো আসরে সর্বোচ্চ। এর আগে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি ১২টি আত্মঘাতী গোলের রেকর্ড ছিল ২০১৮ রাশিয়া বিশ্বকাপের।

এইচজেএস