World Cup Football Field

বিজ্ঞাপন

ব্রাজিলকে দশে কত দিচ্ছেন আনচেলত্তি?

ব্রাজিলকে দশে কত দিচ্ছেন আনচেলত্তি?

নিউজার্সিতে নরওয়ের সংবাদ সম্মেলনে প্রেস কনফারেন্স রুম অর্ধেকের বেশি খালি। ব্রাজিলের বেলায় ঠিক উল্টো। তাদের সংবাদ সম্মেলন শুরুর আগেই রুম প্রায় পরিপূর্ণ। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি আসলেন। ক্যামেরায় চলতে থাকল একের পর এক ক্লিক। 

এবারের বিশ্বকাপে সবচেয়ে হাই প্রোফাইল কোচদের একজন আনচেলত্তি। ক্লাব ফুটবলে তার অসংখ্য সাফল্য। তার ওপর ব্রাজিল ফুটবল কনফেডারেশন ভরসা করেছে। জাপান বাধা টপকাতে আনচেলত্তির কৌশল কাজ করেছে অনেক। ব্রাজিল বিশ্বকাপে ধীরে ধীরে ভালো খেলছে। ব্রাজিলের পারফরম্যান্সকে ১০ এ কত দেবেন? আনচেলত্তি বলেন, ‘৭। আরও উন্নতি করতে হবে।’ এটা তো ছিল গড় স্কোর। ম্যাচ ধরে ধরে স্কোর দিলেন তিনি, ‘মরক্কোর বিপক্ষে ৫, স্কটল্যান্ড ৫ আর জাপান ৬।’

আনচেলত্তিকে শুরুতেই লুকাস পাকেতাকে নিয়ে একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। সহজভাবে উত্তর দিয়েছেন কোচ, ‘বাস্তবিকভাবে তার প্রকৃত বিকল্প নেই। প্রতিপক্ষ বিবেচনায় তার বিকল্প বেছে নেওয়ার চেষ্টা করব।’

৫ গোল করে নরওয়ের আর্লিং হালান্ড বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে। শুধু তাকে নয়। পুরো নরওয়েকে আটকাতে চান আনচেলত্তি, ‘হালান্ড অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমার ডিফেন্ডাররা জানে তাকে কীভাবে আটকাতে হবে। আমি শুধু হালান্ড নয় পুরো নরওয়েকে আটকানোর চিন্তা করছি।’

ব্রাজিলের প্রেস কনফারেন্স মানেই নেইমারকে নিয়ে প্রশ্ন। আজ নরওয়ে ম্যাচের আগের দিনও একই। এই প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘ভিনিসিয়ুস ও নেইমার একসঙ্গে হলে অবশ্যই দারুণ হয়। নেইমার এখন ফিট। সে পুরো ম্যাচ খেলার পর্যায়ে রয়েছে।’ নেইমারকে নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তাকে কি খেলাবেন? এ বিষয়ে সরাসরি কিছু বলেননি কোচ। পাকেতার বিকল্প ও রাফিনহা প্রসঙ্গ উঠলে আনচেলত্তি বলেন, ‘কৌশল ও একাদশ নিয়ে কথা বলার যথাযথ জায়গা এটা নয়।’

নরওয়ের কোচ স্টেল সোলবাকেন প্রতিপক্ষকে নিয়ে কথা বলেছেন। তার মতে ব্রাজিল ফেভারিট। আর আনচেলত্তি বিশ্বের সেরা কোচদের একজন। এ নিয়ে ব্রাজিল কোচের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। তিনি বলেন, ‘এটা তার বিনয়। মাঠে আমাদের কাজ সঠিকভাবে শতভাগ করতে হবে।’

আনচেলত্তি অত্যন্ত বড় মাপের কোচ। তার কৌশলে প্রতিপক্ষ কুপোকাত হয়। সাংবাদিকরা কোচ-খেলোয়াড়দের প্রশ্ন করে আটকানোর চেষ্টা করেন। আনচেলত্তি খুব ধীরস্থিরভাবে প্রশ্ন সামলান। ইতালিয়ান হলেও পর্তুগিজ ও ইংরেজি ভাষাতেও উত্তর দেন। সংবাদ সম্মেলন শেষে ব্রাজিলের প্রবীণ সাংবাদিকের সঙ্গে দুই-এক মিনিট সৌজন্য আলাপও করলেন। 

এজেড/এফএইচএম