হারারেতে একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে শোচনীয় হার দিয়ে শুরু হয়েছে বাংলাদেশ দলের সফর। সেই বাস্তবতা মাথায় রেখেই আসন্ন ওয়ানডে সিরিজে কঠিন চ্যালেঞ্জের আভাস দিলেন পেসার শরিফুল ইসলাম। প্রতিপক্ষের কন্ডিশন বিবেচনায় ওয়ানডে সিরিজ যে সহজ হবে না, সেটা মনে করিয়ে দিলেন এই পেসার।
জিম্বাবুয়ে থেকে পাঠানো ভিডিও বার্তায় শরিফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা এখানে বেশ কয়েক দিন হলো এসেছি। এখানকার আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এখন সবাই ভালো অবস্থানে আছি। অনুশীলনে সবাই ভালো চেষ্টা করছে, ভালো হচ্ছে। সেটা ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করব।’
জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে লড়াই সহজ হবে না, এটা মনে করিয়ে দিয়ে শরিফুল বলেন, ‘ছেলেরা গত কয়েকটা সিরিজে ভালো করছে। চেষ্টা করব আগের মতো প্রক্রিয়া অনুসরণ করে ধারাবাহিকতা ধরে রাখতে। বোলিং-ব্যাটিং দুই দিকেই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
শরিফুল আরও বলেন, ‘গত পাঁচ সিরিজ আমরা জিতেছি। যেহেতু এটা ওদের হোম কন্ডিশন, একটু হলেও কঠিন হবে। তবে সেটা মাথায় না রেখে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে হবে।’
নিজের ব্যক্তিগত লক্ষ্য নিয়ে খুব বেশি ভাবছেন না বলেও জানান শরিফুল। তার মতে, দলের সাফল্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমার কোনো ব্যক্তিগত প্রত্যাশা নেই। আমি চাই দলগতভাবে যেন সিরিজ জিতি এবং সবাই ভালো পারফর্ম করতে পারি।’
এসএইচ/আইএইচ
