বিশ্বকাপের শেষ ষোলোয় মেক্সিকোর বিপক্ষে তাদেরই মাঠে কঠিন লড়াইয়ে নামতে যাচ্ছে ইংল্যান্ড। যেখানে তারা ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচেই আলবিসেলেস্তে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার তার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোল করেছিলেন। তুমুল আলোচিত ও বিতর্কিত সেই ম্যাচে ইংলিশরা হেরেছিল ২-১ গোলে।
আগামীকাল (সোমবার) ভোর ৬টায় মুখোমুখি হবে ইংল্যান্ড-মেক্সিকো। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ইংলিশরা অপ্টা সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণীতে এগিয়ে থাকলেও, স্বাগতিকদের বিপক্ষে থমাস টুখেলের দলকে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে। ম্যাচের ভেন্যু আজতেকা স্টেডিয়াম আবার মেক্সিকানদের জন্য বড় সৌভাগ্যের ইঙ্গিত দেয়, যেখানে ১০ ম্যাচ খেলে ৮ জয় ও দুটি ড্র করে তারা।
— Opta Analyst (@OptaAnalyst) July 5, 2026
অপ্টা সুপারকম্পিউটারের মতে, দুই দলের শক্তির পার্থক্য খুবই সামান্য। মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের অতীত রেকর্ড ভালো হলেও, নিজেদের মাঠে মেক্সিকোর অসাধারণ সাফল্য ম্যাচের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নির্ধারিত ৯০ মিনিটে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৪০.৬ শতাংশ, মেক্সিকোর ৩১.৫ শতাংশ। আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৭.৯ শতাংশ।
এর আগে ১৯৬৬ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে মেক্সিকোর বিপক্ষে স্বাগতিকরা জিতেছিল ২-০ ব্যবধানে। ওই আসরেই ইংলিশরা একমাত্র বিশ্বকাপ জেতে। এ ছাড়া সবমিলিয়ে মেক্সিকোর বিপক্ষে টানা চারটি ম্যাচ জিতেছে ইংল্যান্ড। ম্যাচগুলো ছিল প্রীতি ম্যাচ এবং ১৯৮৬ থেকে ২০১০ সালের মধ্যে অনুষ্ঠিত। বিশ্বকাপে কোনো স্বাগতিক দলের বিপক্ষে ইংল্যান্ড চতুর্থ ম্যাচ খেলতে নামবে।
এর আগে ১৯৫৪ সালে সুইজারল্যান্ডকে ২-০, ১৯৮২ সালে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র এবং ১৯৯০ সালে ইতালির কাছে ২-১ গোলে হেরেছিল ইংল্যান্ড। এবার তারা আরেক স্বাগতিক মেক্সিকোর সামনে দাঁড়িয়ে।
এএইচএস

