World Cup Football Field

বিজ্ঞাপন

স্বপ্নভঙ্গ ব্রাজিল ভক্তদের,  শেষ বাঁশির পর অশ্রুসিক্ত টিএসসি

স্বপ্নভঙ্গ ব্রাজিল ভক্তদের,  শেষ বাঁশির পর অশ্রুসিক্ত টিএসসি

প্রিয় দলের জয় উদযাপনের প্রস্তুতি নিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয়েছিলেন শত শত ব্রাজিল সমর্থক। কিন্তু শেষ পর্যন্ত নরওয়ের কাছে ব্রাজিলের ২-১ গোলের পরাজয়ে সেই উচ্ছ্বাস বদলে যায় হতাশা আর কান্নায়।

ম্যাচের শুরু থেকেই টিএসসি প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। ব্রাজিলের জার্সি, পতাকা ও নানা স্লোগানে মুখর ছিল পুরো এলাকা। প্রতিটি আক্রমণে উল্লাস আর গোলের অপেক্ষায় ছিলেন সমর্থকরা। তবে সময় যত গড়িয়েছে, ততই বাড়তে থাকে উৎকণ্ঠা।

ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই অনেক সমর্থককে হতাশ হয়ে মাটিতে বসে পড়তে দেখা যায়। কেউ মাথায় হাত দিয়ে নিরবে বসে থাকেন, আবার কেউ চোখের জল লুকাতে পারেননি।

টিএসসিতে খেলা দেখতে আসা এক সমর্থক বলেন, “অনেক আশা ছিল। মনে হয়েছিল এবার ব্রাজিল জিতবে। কিন্তু এমন হারের পর সত্যিই কিছু বলার ভাষা নেই। প্রথমত ভিনিসিস জুনিয়রকে দিয়ে পেনাল্টি না করানো এটাই ছিল বড় ভুল। প্রথম গোলটা করতে পারলেই ব্রাজিলের আত্মবিশ্বাস অনেক বেড়ে যেত।”

খেলা চলাকালে ব্রাজিলের প্রতিটি আক্রমণে উল্লাসে ফেটে পড়ছিল টিএসসি। গোলের সুযোগ নষ্ট হলে হতাশার শব্দ শোনা যাচ্ছিল দর্শকদের কণ্ঠে। তবে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে অনেকেই মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকেন। কেউ কেউ আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন।

নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজয়ের পর টিএসসির বড় পর্দার সামনে দাঁড়িয়ে থাকা অনেক সমর্থককে কান্না করতে দেখা যায়। কেউ চোখ মুছছেন, কেউ আবার হতাশ হয়ে মাটিতে বসে পড়েছেন। ম্যাচ শেষ হওয়ার পর কয়েক মিনিট পুরো এলাকায় নেমে আসে নিস্তব্ধতা।

কান্না জড়িত কন্ঠে আরেক সমর্থক বলেন, “খেলা দেখতে বন্ধুদের সঙ্গে এসেছিলাম। জয় উদযাপনের পরিকল্পনা ছিল। এখন খুব খারাপ লাগছে। মনে হচ্ছে প্রিয় কেউ হারিয়ে গেছে। ইনজুরি থাকার পরেও নেইমার খেলেছে তবে পেনাল্টিটা মিস করাতে ব্রাজিলের ওপর চাপটা অনেক বেড়ে যায়। এখানে ভুল প্লেয়ারকে দিয়ে পেনাল্টি শ্যুটটা না করালে ব্রাজিলের জয়ের আশাটা অনেকাংশে বেড়ে যেত বলে মনে করেন তিনি।

খেলা শেষে টিএসসির বিভিন্ন স্থানে ব্রাজিল সমর্থকদের ছোট ছোট দলে হতাশা নিয়ে আলোচনা করতে দেখা যায়। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দলের প্রতি সমর্থন জানিয়ে পোস্ট করেন এবং পরবর্তী আসরে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন।

বৃষ্টি আর রাতের ক্লান্তি উপেক্ষা করে প্রিয় দলের জন্য অপেক্ষা করা সমর্থকদের জন্য রাতটি শেষ হয়েছে গভীর হতাশায়। তবে হারলেও দলের প্রতি ভালোবাসা কমেনি বলে জানান তারা। তাদের ভাষায়, ব্রাজিল হারতে পারে, কিন্তু ব্রাজিলের প্রতি ভালোবাসা হারবে না।

এসএএ/এমটিআই