World Cup Football Field

বিজ্ঞাপন

পেনাল্টির আগে কথার লড়াই, নরওয়ে গোলকিপারকে যা বলেছিলেন নেইমার

পেনাল্টির আগে কথার লড়াই, নরওয়ে গোলকিপারকে যা বলেছিলেন নেইমার

শেষ ষোলোর হাই-ভোল্টেজ লড়াইয়ে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে হেক্সার অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে ব্রাজিলের। এবার কোয়ার্টারের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২ গোলে পিছিয়ে থাকার পর ম্যাচের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন শেষ দিকে নামা নেইমার। পেনাল্টি নেওয়ার আগে নরওয়ের গোলকিপার ওরিয়ান নিল্যান্ডের সঙ্গে কিছুটা উত্তপ্ত বাক্যবিনিময়ও হয় তার। 

সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে ওই মুহূর্তের ভিডিও ক্লিপ। পেনাল্টির আগে নেইমার ও নাইল্যান্ডের মধ্যে হওয়া কথোপকথন প্রকাশ করেছে ব্রাজিলের টেলিভিশন অনুষ্ঠান ‘ফ্যান্টাস্টিকো’। 

ভিডিওতে বলতে শোনা যায়, পেনাল্টি নেওয়ার আগে গোলকিপারকে কিছুটা উসকে দিতে নেইমার বলছিলেন, ‘পেনাল্টিটা কোন দিকে মারব? কোন দিকে চাও?’ জবাবে নিল্যান্ড বলেন, ‘পোস্টে মারো, পোস্টে।’

এরপর নিখুঁত শটে বল জালে জড়ান নেইমার। নিল্যান্ড নিজের জায়গায় দাঁড়িয়ে কেবল বলের যাওয়া দেখেন। গোল করার পরপরই নরওয়েজীয় গোলকিপারকে উদ্দেশ্য করে নেইমার বলেন, ‘আমার সঙ্গে চালাকি চলবে না! বোকা।’

এর আগে ম্যাচের প্রথমার্ধের শুরুতেই একটি পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। তবে ব্রুনো গুইমারেসের নেওয়া সেই শট দারুণভাবে ঠেকিয়ে দেন নাইল্যান্ড। পরে ২-১ গোলে জিতে ব্রাজিলকে বিদায় করে শেষ আটে জায়গা করে নেয় নরওয়ে।

এই হারের মধ্য দিয়ে বিশ্বকাপে ব্রাজিলের শিরোপাখরা আরও দীর্ঘ হলো। সবশেষ ২০০২ সালে পঞ্চম ও সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল সেলেসাওরা। ২০৩০ বিশ্বকাপ শুরু হওয়ার সময় সেই শিরোপার বয়স হবে ২৮ বছর, যা বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের সবচেয়ে দীর্ঘ ট্রফিখরা।

এফআই