World Cup Football Field

বিজ্ঞাপন

শেষ বিশ্বকাপ খেলছেন রোনালদো, মেসিদের চেয়ে কম গোল নিয়ে যা বললেন

শেষ বিশ্বকাপ খেলছেন রোনালদো, মেসিদের চেয়ে কম গোল নিয়ে যা বললেন

যৌথভাবে রেকর্ড সর্বোচ্চ ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এটাই তার শেষ বিশ্বকাপ আসর কি না সেই প্রশ্ন ছিল। আরেকবার এমন জিজ্ঞাসার বিপরীতে ‘২০২৬ বিশ্বকাপই নিজের শেষ আসর’ বলে ঘোষণা দিলেন সিআরসেভেন। একইসঙ্গে মেসি-এমবাপেদের চেয়ে গোলসংখ্যায় পিছিয়ে পড়া নিয়েও তিনি সরল স্বীকারোক্তি দিলেন।

বিশ্বকাপের শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল কঠিন লড়াইয়ে মুখোমুখি হবে আসরের অন্যতম ফেভারিট স্পেনের। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই তারকা ফরোয়ার্ড জানান, ‘আমার শেষ বিশ্বকাপটি আমি পুরোপুরি উপভোগ করতে চাই। আশা করি আগামীকালের ম্যাচটি আমার শেষ ম্যাচ হবে না। তাহলে আপনারা আমাকে নিয়ে আরও কিছুদিন সমালোচনা করতে পারবেন।’

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৬ গোলের মালিক রোনালদো এর আগেও (গত বছরের শেষদিকে) এক টেলিভিশন সাক্ষাৎকারে একই ধরনের মন্তব্য করেছিলেন। সেই সাক্ষাৎকারটি হয়েছিল পর্তুগাল স্পেনকে টাইব্রেকারে হারিয়ে উয়েফা নেশন্স লিগ শিরোপা জয়ের কয়েক মাস পর। এবারও অবসর নিয়ে বলতে গিয়ে সরাসরি উত্তর দেননি রোনালদো, বরং সাংবাদিকদের সঙ্গে মজার ছলে দার্শনিক মন্তব্য করলেন।

রোনালদো বলেন, ‘আমার আর কিছু পাওয়ার বাকি নেই। সৃষ্টিকর্তা আমার প্রতি অত্যন্ত উদার ছিলেন। আমি যা কখনও কল্পনাও করিনি, তার সবই দিয়েছেন, বিশেষ করে জাতীয় দলের হয়ে। ব্যক্তিগত জীবনেও তাই। এখন প্রতিটি মুহূর্ত উপভোগ করাই আমার লক্ষ্য। আমি বিশ্বকাপ জিতি বা না জিতি, তাতে আমি বেশি বা কম ক্রিশ্চিয়ানো হয়ে যাব না। অবশ্যই আমাদের সবারই স্বপ্ন আছে, আমারও আছে। আমরা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু আমরা জানি, শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবে মাত্র একটি দল।’

dhakapost

৪১ বছর বয়সী রোনালদো ফিটনেস নিয়ে প্রশংসা কুড়ালেও, তার নিবেদন নিয়ে প্রশ্ন উঠেছে। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্যারিয়ারজুড়ে আমি বয়সের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শিখেছি। আমি জানি, আমি আর আগের সেই খেলোয়াড় নই। কিন্তু আমি এখনও গোল করতে পারি সে বিষয়টি পরিষ্কার। আশা করি আগামীকালও (আজ) গোল করতে পারব। যদি না-ও পারি, তাহলে আশা করি আমার দলের অন্য কেউ সেটা করবে।’

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিন গোল করেছেন রোনালদো। মেসি-এমবাপে-হালান্ড-কেইনদের চেয়ে তিনি বেশ পিছিয়ে, বলতে গোল্ডেন বুট জয়ের দৌড়ে ওঠা অনেক কঠিন। এ ছাড়া নকআউট হওয়ায় এক ম্যাচ হারলেই বিদায়। মেসি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২০ এবং চলতি আসরে যৌথভাবে সর্বোচ্চ ৭টি গোল করেছেন। সতীর্থের সঙ্গে তুলনা নিয়ে অবশ্য রোনালদোর কণ্ঠে এবার নরম সুর।

পর্তুগিজ তারকা বলছেন, ‘আপনাদের কিছু ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমি খুব খারাপও করছি না, তাই না? আমি তিনটি গোল করেছি। অন্যরা হয়তো আরও বেশি গোল করেছে, কারণ তারা দুর্দান্ত খেলছে। তবে আমিও খুব খারাপ করছি না। আর আমাকে এগিয়ে যেতে হবে।’

এএইচএস