ইমার্জিং দলের ক্যাম্পে জায়গা না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড় ইশমা তানজিম। ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই।
তার দাবি, ফিট থাকা সত্ত্বেও ইনজুরির অজুহাতে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে দলে নানান পরিস্থিতির শিকার হওয়ার কথাও জানালেন এই ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বিকেএসপিতে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। প্রথম ধাপে ২৭ জন নারী ক্রিকেটার এই ক্যাম্পে ছিলেন, সেই ২৭ জনের মধ্যে ছিলেন ইশমাও।
তবে দ্বিতীয় ধাপে ২১ জনকে নিয়ে শুরু হয় ক্যাম্প, আর সেই ক্যাম্পে সুযোগ না পেয়েই আত্মহত্যার চেষ্টা করেছেন ইশমা। বিষয়টি নিজেই জানালেন।
ঢাকা পোস্টকে ইশমা বলেন, 'আমাকে দল থেকে বাদ দেওয়ার ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে ফিটনেসের সমস্যা। গোড়ালির একটি ইনজুরি রয়েছে কিন্তু আমি ফিট আছি। আমার যে ইনজুরি সেটা নাকি পরের ক্যাম্পের জন্য ফিট না সেটা বলা হয়েছে।'
আত্মহত্যা চেষ্টার পর হাসপাতালে নেওয়া হয়েছিল এই ক্রিকেটারকে। শারিরীক পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় পরে বাসায় নেওয়া হয়। এ প্রসঙ্গে ইশমা বলেন, 'শারীরিকভাবে এখনো অসুস্থতা রয়েছে, গতকালকে রাতে বাসায় এসেছি। আমি ক্রিকেটকে ভালোবেসে ক্রিকেটটা খেলেছি। আমি কখনো চিন্তা করিনি এখান থেকে কত টাকা ইনকাম করব। আমি ক্রিকেটকে অনেক ভালোবাসি, আমি এত ভালবাসি যে আমি এই বিষয়টা নিতে পারছিলাম না। আমার কষ্ট আরও একটা রয়েছে আমার যে অভিষেক হয়েছিল জাতীয় দলে সেই ডেব্যু ছবিটা পর্যন্ত আমার কাছে নাই।'
গেল শুক্রবার (৩ জুলাই) আত্মহত্যার চেষ্টার পর গতকাল (রোববার) জ্ঞান ফিরেছে বলে জানা গেছে। এ নিয়ে বিসিবির একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি নিয়ে এখনো অবগত নন বলেই জানালেন। তবে বিসিবি সূত্রে জানা গেছে, ফিটনেস ইস্যুতেই ক্যাম্পে জায়গা হয়নি ইশমার।
প্রসঙ্গত, জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার।
এসএইচ
