নবাগত কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ঘাম ছুটেছিল। তবুও ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে তারা শিরোপা ধরে রাখার মিশনে টিকে আছে। কোয়ার্টার ফাইনাল ও তাদের মাঝে এখন বাধা মিশর। এই ম্যাচের বিজয়ী দল অপেক্ষা করবে সুইজারল্যান্ড কিংবা কলম্বিয়ার।
শেষ ষোলোর প্রতিপক্ষ মিশরের সঙ্গে আর্জেন্টিনার দেখা হয়েছে একবার। ম্যাচটি হয়েছিল ২০০৮ সালের ২৬ মার্চ। প্রীতি ম্যাচটি আয়োজন করেছিল মিশর। কায়রোর স্টেডিয়ামে আলবিসেলেস্তেরা ২-০ গোলে জিতেছিল। আলফিও বাসিলের দল দ্বিতীয়ার্ধে দুটি গোলের দেখা পায়। সার্জিও আগুয়েরো ও নিকোলাস বুরদিসো করেন গোল।
তিন দশকেরও বেশি সময়ে আফ্রিকার দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনা খেলেছে মোট আটটি ম্যাচ। এর মধ্যে পাঁচবারই প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া। প্রত্যেকবারই জয় দেখেছে তারা। এর আগে ১৯৯০ সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে অংশ নিয়ে ক্যামেরুনের কাছে হারে তারা। এর বাইরে আইভরি কোস্ট (২০০৬) ও চলতি আসরে কেপ ভার্দের সঙ্গে খেলেও জয় দেখেছে আর্জেন্টিনা।
এফএইচএম

